জেব্রার মেডিকেল রিপোর্ট গেল দক্ষিণ আফ্রিকায়
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অসুস্থ জেব্রাগুলোর বিভিন্ন মেডিকেল পরীক্ষার ফলাফল দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে ‘উন্নত চিকিৎসা ও অধিকতর যাচাই-বাছাইয়ের স্বার্থে’।
আফ্রিকার একটি খামার থেকেই জেব্রাগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল। এক মাসের কম সময়ের মধ্যে ধাপে ধাপে অন্তত ১০টি জেব্রার মৃত্যু হয়েছে।
জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা দেওয়ার পাশাপাশি এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা গত ২৫ ও ২৯ জানুয়ারি সাফারি পার্কে মিলিত হয়েছিলেন।
মেডিকেল বোর্ডের ১০ দফা সুপারিশ অনুযায়ীই এখন পদক্ষেপ নিচ্ছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণ এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার জন্য গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রোববারও সাফারি পার্ক পরিদর্শন করছে।”
জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছেন।
বিশেষ করে যে দেশ থেকে প্রাণীগুলো আমদানি করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার খামার মালিক এর সঙ্গে কথা হয়েছে। রোগের বিস্তারিত লক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ইমেইলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রাগুলোর মৃত্যুর জন্য প্রাণঘাতী ব্যাক্টেরিয়ার আক্রমণ ও নিজেদের মধ্যে মারামারিকে কারণ হিসেবে চিহ্নিত করেছে পার্ক কর্তৃপক্ষ।
তবে প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় ঠিক করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
পুরনো খবর
