২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুয়া পরিচয়ে’ তদবির, গ্রেপ্তার ব্যক্তি কারাগারে

নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার হিসেবে ‘ভুয়া পরিচয়’ দিয়ে গ্রেপ্তার চন্দ্র শেখর মিস্ত্রিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 09:51 PM

Updated : 02 Aug 2022, 02:45 PM

Image
গ্রেপ্তার চন্দ্র শেখর মিস্ত্রি

গ্রেপ্তার চন্দ্র শেখর মিস্ত্রি

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর আদালতে তাকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে চাইলে তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মামুনুর রশীদ।

এদিন আদালতে তার রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই (নিরস্ত্র) সাদিকুল ইসলাম।

এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামির আইনজীবী মনোয়ার হোসেন তাপস। তবে তাও আদালত গ্রহণ করেনি।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. শরীফুল ইসলাম জানান, উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার তেজগাঁও থানার নাজনীনবাগ এলাকা থেকে ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ।

তিনি জানান, গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয় দিয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে ‘ভাগ্নেকে’ ভর্তির জন্য তদবির করেন চন্দ্র শেখর।

ওসি বলেন, “সিট খালি হলে ভর্তির বিষয়টি দেখবেন বলে জানান অধ্যক্ষ। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতা দেখিয়ে তিন-চারদিন ধরে বারবার ফোন করে ভর্তির জন্য অধ্যক্ষকে চাপ দিতে থাকেন।

“তার কথায় অধ্যক্ষের সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন চন্দ্র শেখর ভুয়া পরিচয় দিচ্ছেন। পরে কলেজের পক্ষ থেকে অভিযোগ আসলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া যায় ওই ব্যক্তি একজন প্রতারক।”

এ ঘটনায় কলেজের জনসংযোগ কর্মকর্তা আমীমুল ইহসানমোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। শেখরকে গ্রেপ্তারের পর তার কাছে থাকা বিভিন্ন ব্যক্তির চাকরির আবেদন, বদলির আবেদন, বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার সিল, ব্যাংকের চেক বই এবং ডেবিট কার্ড জব্দের কথা জানায় পুলিশ।

পুরনো খবর:

‘ভুয়া পরিচয়ে’ তদবির করে পুলিশের হাতে ধরা