ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তির উন্নয়নে ‘সমন্বিত প্রকল্প’ নেবে ডি-৮
উন্নয়নশীল আটটি দেশের জোট বা ডি-৮ ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তির উন্নয়নের জন্য একটি বহুদেশীয় সমন্বিত প্রকল্প নিতে বাংলাদেশের প্রস্তাবে সম্মত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) কৃষি মন্ত্রণালয় আয়োজিত দুই দিনব্যাপী কৃষি ও খাদ্য নিরাপত্তা শীর্ষক ৭ম ডি-৮ মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল সভার শেষ দিনে আট দেশের কৃষিমন্ত্রীরা ‘ঢাকা ইনিসিয়েটিভ’ উদ্যোগে সম্মত হন।
দুদিন ব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের কৃষি ও খাদ্যমন্ত্রী এবং সচিবরা অংশ নেন।
কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি-৮ভুক্ত এসব দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত কৃষিপ্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন এবং সম্প্রসারণ করা হবে। বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন, আইডিবি, এফএও, ইরি, ইফাদ থেকে আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন ও পরিচালিত হবে। খুব শিগগির এই প্রকল্প প্রণয়নের কাজ শুরু হবে।
বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি উৎপাদন ব্যবস্থা। ভবিষ্যতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা টেকসই রাখতে হলে জলবায়ু পরিবর্তন সহনশীল ফসলের জাত ও প্রযুক্তির উদ্ভাবন এবং সম্প্রসারণ বাড়াতে হবে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, ডি-৮ভুক্ত দেশগুলোর কৃষিখাত ২৬ শতাংশ মানুষের কর্মসংস্থান করে থাকে, আর জিডিপিতে অবদান প্রায় ১৩.৫০ শতাংশ। এছাড়া, এ জোটের দেশগুলোতে ৬০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং তারা মূলত কৃষির উপর নির্ভরশীল।
সভায় ডি-৮ এর মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রী সাইয়ারুল ইয়াসিন লিম্পু, ইরানের কৃষিমন্ত্রী সৈয়দ জেএস নেজাদ, মালয়েশিয়ার কৃষি ও খাদ্য মন্ত্রী রোনাল্ড কিয়ান্দি, পাকিস্তানের ফেডারেল মন্ত্রী সৈয়দ ফখর ইমাম, তুরস্কের পরিবেশ ও বন উপমন্ত্রী আকিফ ওজকাল্ডি, নাইজেরিয়ার কৃষি ও গ্রামীণ উন্নয়ন ফেডারেল মন্ত্রী মো. মাহমুদ আবুবকর এবং মিশরের এআরসির শিরীন আসেম কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, সম্ভাবনা, করণীয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখেন।
