২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাব শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলাটি বিচারের জন্য ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে স্থানান্তর করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 06:05 PM

Updated : 02 Aug 2022, 02:34 PM

Image
ছবি: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (ফাইল)

ছবি: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (ফাইল)

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক রাফাত আরা সুলতানা এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২ জানুয়ারি মামলাটির অভিযোগপত্র ও অন্যান্য নথি বিচারের জন্য নারী শিশু ট্রাইবুনালে পাঠিয়েছি।”

আলোচিত এ মামলায় গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাজেদুল হক।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন- মর্তুজা রায়হান চৌধুরী, মোসা. নুহাত আলম তাফসীর, ফারজানা জামান নেহা, শাফায়েত জামিল, মো. রিয়াজ উদ্দিন ও নুরুল আমিন। আরাফাত নামে একজন মারা যাওয়ায় তাকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

অভিযোগপত্র থেকে জানা যায়, গত বছরের ২৮ জানুয়ারি বিকালে মর্তুজা রায়হান ওই তরুণীকে নিয়ে মিরপুর থেকে আরাফাতের বাসায় যান। সেখানে স্কুটার রেখে আরাফাত, রায়হান ও ওই শিক্ষার্থী উবারে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যান। সেখানে আগে থেকেই নেহা ও এক সহপাঠী উপস্থিত ছিলেন।

অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে জোর করে ‘অধিক মাত্রায়’ মদপান করান। একপর্যায়ে তিনি অসুস্থবোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগপত্রে বলা হয়।

রাতে ওই তরুণী অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসিম খানকে ফোন দেন। সেই বন্ধু পরদিন এসে ওই শিক্ষার্থীকে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ওই শিক্ষার্থীর মৃত্যুর হয়।

এ ঘটনায় ২০২০ সালের ৩১ জানুয়ারি চারজনের নামে মোহাম্মদপুর থানায় মামলা করেন ওই তরুণীর বাবা।