২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ৪ বছরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক কারাগারে

নিজের চার বছরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে এক চিকিৎসককে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2022, 06:55 PM

Updated : 13 Oct 2022, 08:55 PM

মেয়েটির মায়ের করা মামলায় ওই চিকিৎসক মঙ্গলবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আত্মসমর্পণ করলে ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াৎ এই আদেশ দেন।

আসামি ইব্রাহিম রহমান রুমি (৩৫) ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ঢাকায় থাকেন কলাবাগানে।

রুমির সাবেক স্ত্রী গত ১ ডিসেম্বর কলাবাগান থানায় মামলাটি করেন।

তাতে বলা হয়, ছয় বছর আগে ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল। দুই বছর পর তাদের মেয়ে হয়। বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরে মেয়েটি তার মায়ের সঙ্গে থাকলেও গত বছরের ২৩ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাবার কাছে ছিল। মেয়ের জিম্মা পেতে মা হাই কোর্টে আবেদন করলে ২২ সেপ্টেম্বর তার পক্ষে আদেশ আসে।

এজাহারে বলা হয়, বাসায় আনার পর মেয়ের পোশাক পরিবর্তনের সময় যৌন নির্যাতনের চিহ্ন দেখতে পান তিনি। মেয়ের কাছে জানতে চাইলে সে বাবার কথা বলে।

পরে শিশুটিকে ২৭ নভেম্বরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন যে শিশুটি নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে, বলা হয় এজাহারে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদা আক্তার জানান, আসামি আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেছিলেন, কিন্তু আদালতের নিয়মিত বিচারক না থাকায় সে বিষয়ে আদেশ হয়নি।

আসামির পক্ষে আদালতে ছিলেন কাজী নজিবুল্যাহ হিরু, মিজানুর রহমান মামুন, খন্দকার তানজীর মান্নান।

এর আগে হাই কোর্ট রুমির আগাম জামিন আবেদন নাকচ করেছিল।

মঙ্গলবার শুনানির পর আদালতের বারান্দায় সাংবাদিকরা আসামির ছবি তুলতে গিয়ে বাধা পান।

সাংবাদিকরা অভিযোগ করেন, প্রকাশিতব্য দৈনিক ভোরের আকাশের সাংবাদিক সাব্বির আহমেদ সজীবকে লাঞ্ছিত এবং সারাবাংলা ডটকমের সাংবাদিক আরিফুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেন আসামি নিজে এবং তার একজন কনিষ্ঠ আইনজীবী। তারা ক্যামেরা কেড়ে নিয়ে ছবি মুছে ফেলেন।

আসামির আইনজীবী তানজীর মান্নানের কাছে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনা আমি দেখিনি, এ বিষযে কিছু জানিও না।”