২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই হাসপাতাল মালিক দুই দিনের রিমান্ডে

টাকা দিতে না পারায় রাজধানীর একটি হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর শিশুর মৃতুর ঘটনায় সেই হাসপাতালের মালিক গোলাম সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 11:22 PM

Updated : 02 Aug 2022, 02:30 PM

শনিবার ঢাকার মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ পরিদর্শক শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

গত শুক্রবার এ ঘটনায় শিশু দুটির মা আয়শা আক্তার মোহাম্মদপুর থানায় ‘আমার বাংলাদেশ হসপিটালের’ মালিক মোহাম্মদ গোলাম সারোয়ারের বিরুদ্ধে মামলা করেন।

মামলার দিনই গোলাম সারোয়ারকে আটক করে র‌্যাব জানায়, চিকিৎসাধীন ছয় মাসের যমজ দুই শিশুকে বের করে দেওয়ার পর একজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হাসপাতাল মালিক বড় অংকের অর্থ আদায়ের জন্য তাদের মায়ের ওপর নির্যাতনও চালিয়েছেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার সাংবাদিকদের বলেন, দুই শিশুকে কম খরচে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে আয়েশা আক্তারকে দালালের মাধ্যমে হাসপাতালে আনেন গোলাম সারওয়ার। কিন্তু আসলে আইসিইউতে রেখে বড় অংকের অর্থ আদায়ের চেষ্টা করছিলেন তিনি।

এজাহারে শিশু দুটির মায়ের অভিযোগ, বৃহস্পতিবার বিকালে তাদের বের করে দিয়ে শাহিন নামে একজনের মাধ্যমে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পথে এক শিশুর মৃত্যু হয়, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ঠাণ্ডার সমস্যায় ভোগা ছয় মাসের দুই শিশু আব্দুল্লাহ ও আহমেদকে নিয়ে সাভারের বাটপাড়া রেডিও কলোনি থেকে ৩১ ডিসেম্বর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আয়েশা আক্তার।

টাকার জন্য যমজ শিশুদের মাকেও নির্যাতন করেন হাসপাতাল মালিক সারোয়ার: র‌্যাব  

কিন্তু সেখানে এনআইসিইউতে সিট খালি না থাকায় ‘তুলনামূলক কম খরচে চিকিৎসার আশ্বাস দিয়ে’ এক অ্যাম্বুলেন্স চালক দুই শিশুকে কলেজ গেইট এলাকার ‘আমার বাংলাদেশ হাসপাতালে’ ভর্তি করেন।

সেখানে ছয় দিন চিকিৎসা দেওয়ার পর একলাখ ২৬ হাজার টাকা দাবি করেন গোলাম সরোয়ার। বিল কমিয়ে ধরার অনুরোধ করে কয়েক দফায় ৫০ হাজার টাকা পরিশোধের পরও টাকার জন্য তিনি চাপ দিতে থাকেন। পরে এক পর্যায়ে হাসপাতাল থেকে বের করে দেন।