ডেমরায় সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ
রাজধানীর ডেমরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে ডেমরা করিম জুট মিলস প্রাঙ্গণে এক হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ জানান, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এবং দেশের সকল প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানান সেনাপ্রধান।
এসময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান উপস্থিত ছিলেন।
