কোভিড: চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হক ‘লাইফ সাপোর্ট ‘
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী মাহমুদুল হক করোনাভাইরাস সংক্রমিত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে তার পরিবার।
শনিবার সন্ধ্যায় তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোভিড আক্রান্ত হওয়ার পর তিনদিন আগে অধ্যাপক মাহমুদুল হককে ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।”
চারুকলা ইনস্টিটিউটের পরিচালক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা শিল্পী মাহমুদুল হক ১৯৪৫ সালে বাগেরহাটে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি তৎকালীন চারু ও কারুকলা কলেজ (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে বিএফএ এবং ১৯৮৪ সালে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রী লাভ করেন।
১৯৬৯ সালে মাহমুদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৮১ সাল থেকে দুই বছর জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ছাপচিত্রের উপর গবেষণা করেন তিনি। প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নেন ২০১০ সালে। এ পর্যন্ত তার ৩৯টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন।
অধ্যাপক মাহমুদুল হক ১৯৮২ সালে জাপানের সুচিউরা সিটি শ্রেষ্ঠ চিত্রকলার পুরস্কার (১৯৮২), ১৯৯২ সালে ১০ম জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে 'বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার', ১৯৯৬ সালে ১২তম কুয়েত আন্তর্জাতিক বিয়েনালে '২য় পুরস্কার' এবং ২০০৬ সালে এস এম সুলতান ফাউন্ডেশনের কাছ থেকে 'সুলতান পদক'সহ দেশে-বিদেশে বহু পুরস্কার লাভ করেন।
