ডেমরায় তেলের লরির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ঢাকার ডেমরায় তেলেবাহী লরির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ডেমরা থানার এসআই নজরুল ইসলাম জানান।
নিহত মোটরসাইকেল চালকের বয়স আনুমানিক ৪০ বছর, তিনি রাইড শেয়ারে যাত্রী বহন করতেন। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ।
আহত সফিউর রহমান (৩৫) বারিধারা ডিওএইচএস এ ‘ফ্যাশন সোর্সিং’ নামে একটি বাইং হাউজের সিনিয়র মার্চেন্ডাইজার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার খালাতো ভাই মোহাম্মদ নাভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ শেষে রাতে রাইড শেয়ারের ওই মোটরসাইকেলে করে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসায় ফিরছিলেন সফিউর।
পথে তেলেবাহি একটি লরির সঙ্গে ধাক্কা খেলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক ওই মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।
তেলবাহী লরির চালক মোস্তফা কামালকে (৩৯) পুলিশ গ্রেপ্তার করেছে বলে ডেমরা থানার এসআই নজরুল ইসলাম জানান।
