২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ কোটি টাকা আত্মসাতের মামলা রূপালীর দুই কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে

ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা এবং এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 10:36 PM

Updated : 02 Aug 2022, 02:29 PM

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বৃহস্পতিবার কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেছেন বলে জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।

বি জি ব্ল্যাক টাইগার অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ খান গেদু (৫১), রূপালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম (ব্যাংকটির খুলনা শাখার সাবেক শাখা প্রধান) ও জ্যেষ্ঠ কর্মকর্তা কে বি এম সিরাজুদ্দৌলাকে মামলায় আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, একজনের জমি আরেকজনের নামে বন্ধক রেখে এবং অধিক মূল্যায়ন দেখিয়ে ২০১৫ সালের ২০ এপ্রিল রূপালী ব্যাংকের খুলনা কর্পোরেট শাখা থেকে বি জি ব্ল্যাক টাইগার এগ্রো লিমিটেডকে ১৩ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৭৩৯ টাকা ঋণ অনুমোদন করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ওই ঋণ নিযে অর্থ আত্মসাৎ করেন।