২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রান্তিক জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আনা জরুরি: স্পিকার

প্রান্তিক জনগোষ্ঠীকে ভোটার তালিকাভুক্ত করতে বাবা-মায়ের নাম নিয়ে জটিলতা নির্বাচন কমিশন নিরসন করবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 09:48 PM

Updated : 02 Aug 2022, 02:29 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন আয়োজিত এক কর্মশালায় তিনি এ বিষয়ে কথা বলেন।

ইসি কর্মকর্তারা জানান, প্রতিবন্ধী, হিজড়া, চা-শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠীর অনেকে বাবা-মায়ের পরিচয় উল্লেখ না করায় ইসির ডেটাবেজে অন্তর্ভুক্ত হতে পারছেন না। এমন প্রেক্ষাপটেই এ কর্মশালার আয়োজন। কর্মশালার সুপারিশ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে ইসি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, মহামারীকালে নির্বাচন কমিশনের ডেটাবেজ ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ মানুষের কাছে আর্থিক ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু তথ্য উপস্থাপন ও সংরক্ষণের কারণে এটা সম্ভব হয়েছে।

প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তা বলয় কার্যক্রমও নির্বাচন কমিশনের ডেটাবেজভিত্তিক। প্রতিবন্ধী, হিজড়া, চা-শ্রমিকসহ সব প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে এ ডেটাবেজ আরও সমৃদ্ধ করতে হবে।

“সকল কাজেই এখন জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হচ্ছে। পিতা-মাতার পরিচয় লিপিবদ্ধকরণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জটিলতা নিরসন হবে আশা করি।”

প্রান্তিক জনগোষ্ঠীকে ইসির ডেটাবেজে অন্তুর্ভুক্ত করার উদ্যোগকে ‘যুগোপযোগী’ একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করে স্পিকার বলেন, “সবার ব্যক্তিপরিচয়ের অধিকার রয়েছে। পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণের প্রয়োজনীয়তা এখানেই। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন বিষয়টি অনুধাবন করেছে।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সাল থেকে ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে পিছিয়ে পড়া প্রান্তিকজনগোষ্ঠীকে এই ডেটাবেজে অন্তর্ভুক্ত করা জরুরি।”

'ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন' শীর্ষক এ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এবং চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

ইসি সচিবের সভাপতিত্বে এ কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেন।