রিকশা-অটোরিকশা থামিয়ে ছিনতাই, এক মাস পর গ্রেপ্তার ৮
প্রায় এক মাস আগে রাতে মোহাম্মদপুরে দুটি রিকশা ও একটি অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, কবির হোসেন (৪৬), মো. রুবেল (২৭), মো. আমির হোসেন (২১), মো. মামুন (২৫), মো. রিয়াজ (২০), মো. মেহেদী হাসান (২৫), মামুন ওরফে পেটকাটা মামুন (২৭) ও মো. বিল্লাল (২৪)।
গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ছোরা, একটি চাকু, একটি স্টিলের গিয়ার হোল্ডিং ছুরি, একটি লোহার পাইপ, চারটি চাপাতি ছাড়াও ৪১৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ৩০ নভেম্বর রাতে মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকায় এক রিকশাযাত্রীর কাছ থেকে ব্যাগসহ মালামাল ছিনিয়ে নেয় চক্রটি।
অভিযোগ পাওয়ার পর র্যাব ওই এলাকার একটি সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করে।
ফুটেজে দেখা যায়, এক যুবক চাপাতি হাতে নিয়ে একটি রিকশা থামায়। এসময় আরও দুই যুবক চাপাতি হাতে নিয়ে রিকশার দু'পাশে দাঁড়ানোর পর আরেকটি রিকশা ও একটি অটোরিকশা ঘটনাস্থলে আসে।
ওই তিন যুবক তখন রিকশা দুটি ও অটোরিকশার যাত্রীর কাছে থেকে ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই তিন যুবক হল- বিল্লাল, আমির ও পেটকাটা মামুন।
কমান্ডার মঈন জানান, এ চক্রের মূলহোতা কবির, যে মোহাম্মদপুর এলাকায় নিজের নামে একটি বাহিনী গড়ে তুলেছে।
কবির ১৯৯০ সালে পরিবারসহ বরগুনা থেকে ঢাকায় আসে। প্রথমে তার পিতার সহযোগী হিসেবে রাজমিস্ত্রীর কাজ শুরু করে। এরপর গাড়ি চালনা, হাউজিং চাকরি ছাড়াও নানা পেশায় জড়িত ছিলেন তিনি।
পরে ২০১০ সালে 'গাংচিল' সন্ত্রাসী বাহিনীতে যোগ দেন কবির।
এ বাহিনীতে যোগদানের মাধ্যমে তার অপরাধ জগতে হাতেখড়ি হয় জানিয়ে র্যাবের ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, “এরপর থেকে তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে মালবাহী নৌকা ও ট্রলারে চাঁদাবাজি শুরু করে কবির। এক সময় তার ’কুখ্যাতি’ চারদিকে ছড়িয়ে পড়লে অপরাধ জগতে সে ‘জলদস্যু’ খেতাব পায়।
“র্যাবের অভিযানে গাংচিল বাহিনীর অস্তিত্ব সংকটে পড়লে ২০১৬ সাল হতে 'কবির বাহিনী' নামে আরেক সন্ত্রাসী দল গড়ে ওঠে।“
মঈন বলেন, কবির বখে যাওয়া ছেলেদের তার বাহিনীতে যোগদান করাত। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বসিলা, চাঁদ উদ্যান ও এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত কবির বাহিনী।”
“এছাড়াও জবর দখল, ভাড়ায় শক্তি প্রদর্শন এবং আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে দলের ছেলেদের ব্যবহার করে কবির।“
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে প্রথম গ্রেপ্তার হন কবির। তার বিরুদ্ধে হত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারপিটসহ ২৪টি মামলা রয়েছে।
কবির বাহিনীর সঙ্গে ২০ থেকে ২২ জন ‘বখাটে’ যুবক সংশ্লিষ্ট। দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
