গুলিস্তান দুর্ঘটনা: সেই এএসআই গ্রেপ্তার
ঢাকার গুলিস্তানে এক দুর্ঘটনার বাস সরাতে গিয়ে আরেক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে মামলা হওয়ার পর পুলিশের এএসআই এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
পল্টন থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া জানান, ওই ঘটনায় নিহত রাইসুল কবির তুষারের বাবা কামাল উদ্দিন শুক্রবার সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে শ্রাবণ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়লে একজন পুলিশ সদস্য আহত হন। তখন ওই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।
এরপর ওই বাসটি আহাদ পুলিশ বক্সের একজন এএসআই চালিয়ে নিরাপদ স্থানে সরাতে গিয়ে ‘ব্রেক ফেইল’ করে আবারও দুর্ঘটনা ঘটে। তাতে শুকুর মাহমুদ বাবুল (৫৮) ও রাইসুল কবির তুষার (২৫) নামে দুজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি প্রথমে কয়েকটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল এবং পথচারীদের ধাক্কা দিয়ে সড়কদ্বীপে উঠে যায়।
পল্টনের ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে গিয়ে এএসআই এমদাদুল হক পরের দুর্ঘটনাটি ঘটায়।”
১৯৮৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসা শুকুর আড়াই মাস আগে দেশে এসেছিলেন বেড়াতে।
বৃহস্পতিবার দুর্ঘটনার পর নিহত শুকুরের বড় ভাই গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেছিলেন, নারায়ণগঞ্জে বাসা থেকে সকালে ঢাকায় ব্যক্তিগত কাজে এসেছিলেন গুলিস্তানে।
নিহত তুষারের সহকর্মী জাহিদুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, তুষার ড্রিম প্লাস ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানিতে চাকরি করতেন। দুপুরে পল্টনের অফিস থেকে সদরঘাটে গিয়ে পরে অফিসে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
