২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণরাই আনবে উন্নত ভবিষ্যত: রাষ্ট্রপতি

তরুণদের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ‘সম্মুখ সারির শক্তি’ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যুবসমাজই বাংলাদেশের উন্নত ভবিষ্যত নিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 07:05 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার ঢাকায় ওআইসি ইয়ুথ ক্যাপিটালের সমাপনী অনুষ্ঠানে এই আশাবাদের কথা বলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, “বাংলাদেশ গত এক দশক ধরে উন্নয়নের পথে হাঁটছে। আমাদের জাতির এই উত্থান অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি তার পিতার মতই তরুণদের অনুপ্রাণিত করে চলেছেন।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে আবদুল হামিদ বলেন, “আমি এটা বলতে পেরে গর্বিত যে, তরুণরা আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির যোদ্ধা। বাংলাদেশে তরুণদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিশ্বের সর্বোচ্চ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে। এটি আমাদের আশাবাদী এবং আত্মবিশ্বাসী করছে যে এই তরুণরাই একটি উন্নত ভবিষ্যত নিয়ে আসবে।”

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানে বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি যুক্ত হন আবদুল হামিদ।

২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)।

২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে ২০২০ সালে এই স্বীকৃতি পায় বাংলাদেশের রাজধানী ঢাকা।

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উপলক্ষে আয়োজন করা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

আগামী বছরের জন্য তাতারাস্তানের রাজধানী কাজানকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে তাতারাস্তানের যুব বিষয়ক মন্ত্রী তাইমুর সুলেমানভের পক্ষে ওআইসি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছ থেকে ইয়ুথ ক্যাপিটালের চাবি গ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের তরুণ বয়সের রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক অনুষ্ঠানে তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, নিজের তরুণ বয়সে বঙ্গবন্ধুকে নেতা হিসেবে পেয়ে তিনি গর্বিত।

তিনি বলেন, “বঙ্গবন্ধু আমার প্রজন্মের তরুণদের মত পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করেছিলেন।”

আবদুল হামিদ বলেন, “বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং তরুণরা যাতে দ্রুত মানিয়ে নিতে পারে সেজন্য তারাই অগ্রগতির সূচনা করে। তারুণ্যের এই উদযাপন আমাকে আশাবাদী করে, বিশ্বের ভবিষ্যত ভালো এবং এ পথে যে চ্যালেঞ্জই আসুক না কেন, যুবকরা সাহসের সাথে এর মোকাবেলা করবে, শক্তভাবে লড়াই করবে এবং শেষ পর্যন্ত জয়ী হবে।”

“আমার অভিজ্ঞতায় আমি সব সময় লক্ষ্য করেছি, তারুণ্যের শক্তির জয় সবসময়ই হয়।”

ঢাকার ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ হওয়াকে এ দেশের তরুণদের জন্য একটি ‘দুর্দান্ত অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করে আবদুল হামিদ বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরা এখানে নিজেদের মধ্যে মত বিনিময়ে এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে আরও কাছাকাছি এসেছে। এর ফলে তরুণরা একটি নেটওয়ার্ক গড়ে তুলবে এবং সহযোগিতা ও সহাবস্থানের একটি উন্নত বিশ্ব গড়ে তুলবে।

“আয়োজক দেশ হিসেবে আমরা তরুণদের একজোট করতে পেরে আনন্দিত। বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’ নীতিতে বিশ্বাস করি। আমি আশা করি, বিশ্বের তরুণরা একই দর্শনকে সমুন্নত রাখবে।”

আবদুল হামিদ বলেন, “সঙ্কটে যুবকরা সবসময়ই অবদান রেখেছে, ঠিক যেমনটি তারা সাম্প্রতিক মহামারী সময়ে রেখেছে। একটি শক্তিশালী এবং উৎসাহী যুব নেটওয়ার্ক হল একটি শক্তিশালী শক্তি, যা সমস্ত সমস্যার বিরুদ্ধে এবং সমতা ও সমৃদ্ধির জন্য স্থিতিস্থাপকতা তৈরি করে। আমি আশা করি, তরুণরা এই দর্শনকে নিজের মধ্যে ধারণ করে সমাজ ও মানবতার জন্য অবদান রাখবে।”

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান, তাতারাস্তানের মন্ত্রী তাইমুর সুলেমানভ, মালদ্বীপের ইয়ুথ, স্পোর্টস অ্যান্ড কমিইউনিটি এমপাওয়ারমেন্ট মন্ত্রী আহমেদ মাহলুফ বক্তব্য দেন।

বঙ্গভবনে প্রতিনিধি দল

অনুষ্ঠানের পর ওআইসি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান, মালদ্বীপের মন্ত্রী আহমেদ মাহলুফসহ একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেণ, “সাক্ষাতকালে প্রতিনিধিদল সদ্যসমাপ্ত ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ অনুষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা সুষ্ঠু ও সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে ওআইসি দেশগুলোর যুবসম্প্রদায় উদ্ভাবনী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হবে।

“রাষ্ট্রপতি বলেন, যুবকরাই উন্নয়নের মূল চালিকাশক্তি। যুব সম্প্রদায়কে সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে গঠনমূলক কাজে লাগানো গেলে দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে।”

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঢাকাকে বেছে নেওয়ায় ফোরামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এ কর্মসূচির মাধ্যমে ওআইসিভুক্ত দেশগুলোর যুব সম্প্রদায় উৎপাদনশীল কাজে উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্য হওয়ার পর থেকে সক্রিয়ভাবে মুসলিম উম্মার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।