দেশের বাইরের ৯ কেন্দ্রে ৯৫.৬৭% পাস
এ বছর দেশের বাইরের নয়টি কেন্দ্রে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
তবে কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, সেই সংখ্যা জানানো হয়নি।
গত বছর বিদেশের কেন্দ্রে ৯৪ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করছিল। সেই হিসেবে এবার বিদেশ কেন্দ্রে পাসের হার বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ পয়েন্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স কেন্দ্রে ৪১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৯৮ জন পাস করেছে।
প্রবাসের নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
মাধ্যমিক ও সমমানে এবার সব মিলিয়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
