২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দিয়ে শুরু ডিএনসিসি মেয়রস কাপ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ ওয়ার্ডের ৫৪টি দল নিয়ে শুরু হয়েছে ডিএনসিসি মেয়রস কাপ-২০২১।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2021, 12:32 AM

Updated : 02 Aug 2022, 06:44 PM

শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফুটবল দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টে ফুটবল, ক্রিকেট এবং ভলিবল এই তিনটি ইভেন্টে অংশ নেবে দলগুলো। আর্মি স্টেডিয়াম ছাড়া আরও কয়েকটি ভেন্যুতে খেলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অন্যায় কাজ থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে।

“জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি আনন্দিত।”

টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’।

মেয়র বলেন, “এটা এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব তৈরি করা।”

উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ তিন গোলে ৩৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, এ কে এম রহমত উল্লাহ ও শবনম জাহান শীলা।