২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি ও কল্যাণ কামনায় বড়দিন উদযাপন

করোনাভাইরাস মহামারীর মধ্যে শান্তি ও কল্যাণের বাণী নিয়ে যিশুর আগমনী দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2021, 12:29 AM

Updated : 10 Oct 2022, 06:29 PM

বিশ্বজুড়েই বড়দিনের আয়োজন চলছে জনসমাগম সীমিত রেখে; স্বাস্থ্য বিধি মেনে পালন করা হচ্ছে গির্জায় ধর্মীয় আচার-অনুষ্ঠান।

বাংলাদেশেও বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিতে শুক্রবার রাত থেকে গির্জাগুলোতে সমবেত হয়েছেন ভক্তরা।

রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস গির্জায় ‘বড়দিনে’র প্রার্থনা সভা শুরু হয় রাত ৮টায়। এতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন ভক্তরা।

শনিবার বড়দিন সকালে ও দুপুরেও গির্জাগুলোতে প্রার্থনা সভা হবে। ফুল, নানার রঙের বেলুন, নকশা করা কাগজ, জরি ব্যবহার করে সাজানো হয়েছে গির্জার উপাসনালয়; বর্ণিল সাজে সেজেছে মেরি ক্রিসমাস ট্রি।

খ্রিস্ট্র ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর ‘ক্রিসমাস ডে’ বা ‘বড়দিন’। মহামারীর কারণে বড়দিনের আয়োজনে এবার চাকচিক্য কম।

কাকরাইলের সেন্ট মেরিস গির্জা, তেঁজগাওয়ের হলি রোজারিও গির্জা, আসাদগেটের সেন্ট ক্রিস্টিনা গির্জা ঘুরে দেখা গতবারের চিত্রই চোখে পড়েছে।

যাজকরা বলছেন, বড়দিনের যেসব ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাইরের লোক সমাগম হয়, সে ধরনের উদযাপন নিরুৎসাহিত করা হচ্ছে। মাস্ক ছাড়া কেউ গির্জায় প্রবেশ করতে পারবেন না। প্রার্থনা চলাকালেও মাস্ক পড়ে থাকতে হবে।

দুই হাজার বছরের বেশি সময় আগে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু ২৫ ডিসেম্বর ইসরাইলের বেথলেহেম শহরে জন্ম নেন।

সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য ঈশ্বর যিশুকে মানবরূপে পৃথিবীতে পাঠিয়েছিলেন বলে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস।

Image
রাজধানীর তেজগাঁওয়ে হলি রোজারিও চার্চ সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

রাজধানীর তেজগাঁওয়ে হলি রোজারিও চার্চ সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

বড়দিনের কর্মসূচির মধ্যে আছে, বিভিন্ন গির্জায় প্রার্থনায় সভা। দিবসটি উপলক্ষে দুই ধরে রাজধানীর গির্জাসমূহ আলোকসজ্জা করা হয়েছে।

রাজধানীর তারকা হোটেলগুলোতে বড়দিনের বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। হোটেলগুলোতে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে নানা রঙ্গীন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি।

তারকা হোটেলে শিশুদের জন্য রয়েছে দিনভর রয়েছে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সান্তাক্লজ ও তার বন্ধুরা হোটেলে আগত শিশুদের চমকপ্রদ উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেবে।

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া জানান, দেশের সবচেয়ে বড় চার্চ ঢাকার তেজগাঁও হলি রোজারিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় ও ১০টায় এবং ঢাকার রমনা ক্যাথেড্রাল চার্চে সাড়ে ৮টায় এবং ১১টায় খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শনিবারও তেজগাঁও হলি রোজারিতে সকাল ৭টায় ও ৯টায় এবং রমনা ক্যাথেড্রাল চার্চে সকাল ৮টায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমি একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

বড়দিনের বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

“বঙ্গবন্ধু শেখ মুজিবের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে সকলে মিলে মুক্তিযুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে এবারের বড়দিন উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।