রাজধানীর আসাদগেইটে ছিনতাইকারীর ছুরিতে যুবক নিহত
ঢাকার আসাদগেইট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আব্দুর রব (১৮) পেশায় ছিলেন ব্রাদার্স পরিবহন নামের একটি বাসের চালকের সহকারী। তাদের গ্রামের বাড়ি ভোলায়; ঢাকায় থাকতেন মোহাম্মদপুর এলাকায়।
শেরেবাংলা নগর থানার এসআই মহেশ চন্দ্র সিংহ বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসাদগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন রব।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে রবের মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রবের বড় ভাই রানা হাসপাতালে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ মার্কেটে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন তার ভাই।
“পথে আসাদগেইট এলাকায় কয়েকজন ছিনতাইকারী ওর সঙ্গে থাকা টাকা-মোবাইল ছিনিয়ে নিতে চায়। বাধা দেওয়ায় পেটে ও পায়ে ছুরি মারে। তারপর সঙ্গে থাকা তিন হাজার টাকা নিয়ে চলে যায়।”
এ ঘটনায় রবের পরিবার একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এসআই মহেশ।
