পাকিস্তানি মানসিকতায় ঝুঁকবেন না: বাংলাদেশিদের বললেন কানাডীয় লেখক
যে মানসিকতা নিজ দেশের জনগণের বিরুদ্ধে কাজ করার প্রেরণা দেয়, তেমন ‘পাকিস্তানি মনোভাবের’ দিকে না ঝুঁকতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্রডকাস্টার ও লেখক তাহির আসলাম গোরা।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার লন্ডনের নেহেরু সেন্টার আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
পাকিস্তানি নাগরিকত্ব ত্যাগ করা মানবাধিকারকর্মী তাহির গোরা বলেন, “পাকিস্তানি মানসিকতার পথে না যেতে আমি বাংলাদেশি ভাই-বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ, এই পথ আত্মঘাতী, এই পথ সর্বনাশা।”
বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল আয়োজনে ‘দ্য রোড টু ১৯৭১: গোল্ডেন জুবিলি অব দ্য লিবারেশন অব বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘পাকিস্তানি মানসিকতার’ বর্ণনা দিতে গিয়ে এখনো দেশটির জনগণের ওপর শাসকগোষ্ঠীর নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন তাহির গোরা।
তিনি বলেন, “পাকিস্তানি শাসকযন্ত্র এখনো বালুচ, সিন্ধ, মুহাজির ও পশতুন জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। তাদের এই নির্লজ্জ অপকর্মের কারণে আমি অনেক আগেই পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করেছি।”
মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পর বাংলাদেশ যে এখন পাকিস্তানের তুলনায় বহু ক্ষেত্রে এগিয়ে গেছে, সে কথা তুলে ধরে তাহির গোরা বলেন, দারিদ্র্য বিমোচনে সাফল্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। সর্বনিন্ম জিডিপির ১০ দেশের তালিকা থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে।
“দারিদ্র্যের হার ১৯৯১ সালের ৪২ শতাংশ থেকে কমিয়ে বাংলাদেশ ১৪ শতাংশে নামিয়ে এনেছে ২০১৬ সালে।”
বাংলাদেশের আরও অগ্রগতির জন্য গণতন্ত্র, সুশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে শক্তিশালী করা দরকার বলে মত দেন এই লেখক।
গণহত্যার জন্য পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচারের দাবি এই আলোচনায় আবারও তুলে ধরেন ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
তিনি বলেন, একাত্তরে গণহত্যার দায়মুক্তির সুযোগেই পাকিস্তান এখনো নিজ দেশের জনগণের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে।
“তারা নিজেদের মানুষের উপর গণহত্যার অপরাধ করছে, সেটা বালুচিস্তান, সিন্ধ বা পশতুন এলাকায়। আফগানিস্তানে হত্যাকাণ্ডও ঘটছে পাকিস্তানের সমর্থনে।”
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে শাহরিয়ার কবির বলেন, বাঙালি গণতন্ত্র ও স্বায়ত্বশাসনের মত অধিকার চাওয়ায় পাকিস্তান ধর্ম ও দেশের অখণ্ডতার নামে নিবর্তন চালিয়েছিল।
”সেখানে বলা হয়েছিল ধর্ম থাকবে রাষ্ট্র থেকে আলাদা। কেবল রাষ্ট্র নয়, রাজনীতি থেকেও ধর্মকে আলাদা রেখেছিলেন।”
শাহরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনীতিতে ধর্মের ব্যবহার আবার শুরু হয় এবং রাজনীতিতে ‘পাকিস্তানিকরণের’ চেষ্টা চালানো হয়েছিল।
“গত ৫০ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি, বিশেষ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অগ্রগতি উল্লেখযোগ্য। আমরা ইতিহাস সৃষ্টি করেছি।”
ব্রিটিশ ব্যবসায়ী লর্ড রামিন্দর সিং রেঞ্জার আলোচনা অনুষ্ঠানে বলেন, ’মুসলিমরাই কেবল মুসলিমদের শাসন করবে’- জিন্নাহর দেওয়া এই তত্ত্বকে ভুল প্রমাণিত করেছিল বাংলাদেশের স্বাধীনতা। এর বিপরীতে পাকিস্তানের মুসলিমরা বাংলাদেশের মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছিল।
“তারা কখনো বাঙালিদের সমান হিসাবে বিবেচনা করেনি। বাংলার পরিবর্তে উর্দু চাপিয়ে দেওয়া হয়েছিল, বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে কৌশলে ধ্বংস করার চেষ্টা হয়েছিল।”
একাত্তরে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সৈন্যদের রক্তদানের কথা তুলে ধরে সান মার্কের প্রতিষ্ঠাতা লর্ড রামি বলেন, “আমি আশা করি, রক্তের ধারায় গড়ে ওঠা এই বন্ধুত্বের সম্পর্ক অবিচল থাকবে। পরাশক্তি আমেরিকা ও চীন সে সময় অনির্দিষ্টকালের জন্য হত্যাকাণ্ড চালানোয় সমর্থন দিয়েছিল।”
পাকিস্তানিদের পাশাপাশি চীনের ক্ষেত্রেও সতর্ক পদক্ষেপে এগোতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
লর্ড রামি বলেন, “আমি আশা করি, বাংলাদেশে অবস্থান করে নিতে চীন যতই উসকানি দিক, বাংলাদেশ ভারতের ওই সহযোগিতা কখনো ভুলবে না। আপনারা তাদের অতীত রেকর্ডে দেখতে পাবেন, তারা যে দেশেই যায় নিয়ন্ত্রণ নিয়ে নেয়।”
এক্ষেত্রে ঋণ শোধ করতে না পারায় উগান্ডার বিমানবন্দর ও শ্রীলঙ্কার বন্দরের কর্তৃত্ব চীনের হাতে নিয়ে নেওয়ার উদাহরণ টানেন তিনি।
পাকিস্তানের এখনো ‘অতীতের ভাবধারা’ আঁকড়ে থাকার কথা তুলে ধরে লর্ড রামি বলেন, পাঠ্যপুস্তকের মাধ্যমে এখনো হিন্দু, শিখ, অবিশ্বাসী ও খ্রিষ্টানদের বিষয়ে ‘নোংরা ভাষায়’ শিক্ষার্থীদের পড়ানো হয়।
আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি অনুবিভাগের মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের মাঝে ছোটখাটো কোনো ত্রুটি কিংবা বাধা এলেও তা কখনো থেমে যাবে না।
”এটা এই জন্য যে, আমরা ভারতীয় উপমহাদেশকে পৃথক পৃথক অঞ্চল হিসাবে দেখি না, আমরা একীভূত হিসাবে দেখি। কারণ এখানকার মানুষ, প্রকৃতি, পরিবেশ ও পরিচয় একই ধারায় প্রবাহিত।”
তিনি বলেন, “সহযোগিতা ও প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই আমরা। কিন্তু এই নয় যে, আমরা ভারতের সামনে চলে যেতে চাই, আমরা একইসাথে এগিয়ে যেতে চাই। কারণ আমাদের দুদেশের চ্যালেঞ্জগুলো একই রকমের।”
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী মামুন বলেন, “মুক্তিযুদ্ধের সময় দেশ ছাড়ার অভিজ্ঞতা স্মরণে নিয়ে এবং যে অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে আমরা গেছি, তার মধ্য দিয়ে কেউ যাতে না যায়, সেজন্য আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দুয়ার খুলে দিয়েছি।”
লন্ডনপ্রবাসী লেখক প্রিয়জিৎ দেবসরকারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে নেহেরু সেন্টারের পরিচালক অতিশ ত্রিপাঠি স্বাগত বক্তব্য দেন।
