ঢাকায় গৃহকর্ত্রীকে ‘ঘুমের ওষুধ খাইয়ে’ গৃহকর্মীর স্বর্ণালঙ্কার চুরির চেষ্টা
রাজধানীর আদাবরের শেখেরটেকে একটি বাসার দুই নারী সদস্যকে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালঙ্কার চুরির চেষ্টাকালে গৃহকর্মীকে আটক করেছে পুলিশ।
আটক আমেনা বেগম (৪৫) ওই বাসায় মাত্র তিন দিন আগে রোববার থেকে কাজ শুরু করেন।
জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ওই বাসার নিচ থেকে হাতেনাতে আমেনাকে আটকের কথা জানান আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ গৃহকর্মীর পেশাই অন্যের বাড়িতে কাজ করার নামে জিনিসপত্র চুরি করে পালিয়ে যাওয়া।“
তার কাছ থেকে তিনটি স্বর্ণের চুড়ি, একটি লকেটসহ গলার চেইন ও ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে শেখেরটেকের ৩ নম্বর রোডের ওই বাড়ির গৃহকর্ত্রী রিফাতুল হকের ভাই কাজী সাজিদুল হক জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
“সকালে কাজে এসে আমেনা গৃহকর্ত্রী রিফাতুলকে লেবুর শরবতের সঙ্গে এবং মাকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিলে দুইজনই দুর্বল হয়ে পড়েন। এর মধ্যেই আমেনা মায়ের হাতে সরিষার তেল মাখিয়ে স্বর্ণের চুড়ি এবং গলা থেকে লকেটসহ চেইন খুলে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়।“
সাজিদুল বলেন, তাৎক্ষণিকভাবে রিফাতুল তার স্বামী খান মারুফুল ইসলামকে ফোনে ঘটনা জানায়। মারুফুল দ্রুত বাড়ির দারোয়ানকে ফোন করে গেইট বন্ধ করতে বলে।
এরপর আমেনা নিচে গেলে তাকে সেখানে আটকে রেখে ৯৯৯ এ কল করে আদাবর থানায় খবর দেওয়া হয় বলে তিনি জানান।
আমেনা গত রোববার থেকে তার বোনের বাসায় কাজ শুরু করে জানিয়ে তিনি বলেন, তাকে জাতীয় পরিচয়পত্র দেখানোর কথা বলা হলেও পরে দেখাবে বলে নানান অজুহাতে এড়িয়ে যায়।
ওসি শাহিদুজ্জামান জানান, আমেনা বেগমের বাসা যাত্রাবাড়ীতে হলেও বাড়ির সদস্যদের কাছে তিনি মোহাম্মদপুর বালুরমাঠ এলাকায় থাকেন বলে জানিয়েছিলেন।
তবে এ ঘটনায় আমেনার অন্য কোনো সহযোগী ছিল না বলে জানান তিনি।
বাড়ির সদস্যদের সাহায্যে দ্রুত তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
