২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে দ্বন্দ্ব হলেও লক্ষ্যে থাকুন অবিচল: মানবাধিকার কমিশনকে আইনমন্ত্রী

মানবাধিকার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে সরকারের সঙ্গে দ্বন্দ্ব বাঁধলেও লক্ষ্য থেকে বিচ্যুত না হতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান রেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 08:32 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

তিনি বলেছেন, “সকলের প্রত্যাশা উন্নত বাংলাদেশের উপযোগী মানবাধিকার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করে যাবে।

“দেশ পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠানের সাথে মানবাধিকার রক্ষার বিষয় নিয়ে কমিশনের ভিন্নমত থাকতে পারে, দ্বন্দ্ব হতে পারে, সমালোচনার সম্মুখীন হতে পারে। কিন্তু কমিশনকে মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে অবিচল থাকতে হবে।”

মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন আনিসুল হক।

আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করে।

এর প্রেক্ষাপট তুলে ধরে আনিসুল হক বলেন, পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে মানবাধিকার ভূলুণ্ঠিত করা হয়েছিল। সেই দুঃখজনক অভিজ্ঞতা থেকেই শেখ হাসিনা মানবাধিকার কমিশন গঠন করেন।

তিনি বলেন, “বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হয়েছে। আমরা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছি। তাই আমাদের গুরু দায়িত্ব, এই উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে মানবাধিকারের বিকাশ ঘটানো। মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ব্যাপারে দেশ অনেক অগ্রসর হয়েছে। আরও অনেক দূর যেতে হবে আমাদের।”

‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।