৬ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সরকারি সফরে বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিশেষ ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
ইহসানুল করিম বলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফর।
তাকে বহনকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় মালের বিমানবন্দরে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
এগুলো হচ্ছে- দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময় বিষয়ে দুটি চুক্তি এবং স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক।
এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে যে চুক্তি তাও নবায়ন করা হবে।
দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।
২৩ ডিসেম্বর দিনের প্রথম ভাগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশের সরকার প্রধানকে তখন গার্ড অব অনার দেওয়া হবে।
পরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রাসাদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করবেন।
পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।
বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তার সম্মানে রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রীয় ভোজসভায় যোগ যোগ দেবেন শেখ হাসিনা।
পরদিন ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিবেন।
সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ ও প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।
২৭ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছবেন।
