অবৈধ সম্পদ: তিতাসের ব্যবস্থাপক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক ব্যবস্থাপক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
মামলার আসামিরা হলেন: তিতাসের স্টেশন কন্ট্রোল শাখার এসওডি (এমডি) অপারেশন বিভাগের ব্যবস্থাপক মো. মহিদুর রহমান এবং তার স্ত্রী সাফিয়া শাহানা।
দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার মঙ্গলবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন বলে সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান।
মামলায় ওই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি দুই লাখ ৯০ হাজার ৯৬১ টাকার সম্পদ অর্জন এবং কমিশনের জমা দেওয়া সম্পদ বিবরণিতে এক কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৬৬৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, মহিদুর রহমান তার ‘অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দিতে’ স্ত্রী সাফিয়া শাহানার নামে সম্পত্তি কিনেছেন।
দুদকের অনুসন্ধানে সাফিয়া শাহানার নামে ঢাকার গুলশানে দেড় কাঠা জমিতে একটি ছয়তলা বাড়ি, খিলগাঁও এলাকায় আধা কাঠা জমি, ঢাকার দক্ষিণখানে দুই কাঠা জমি, বারিধারা একটি ফ্ল্যাট ও টাঙ্গাইলের নাগরপুরে ৩৭ শতাংশ জমি থাকার তথ্য পাওয়া গেছে।
এছাড়া গাজীপুরের কুনিয়া এলাকায় জ্যারোমা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের ৩৩ দশমকি ৩৩ শতাংশ মালিকানা, একই এলাকায় যমুনা সিএনজি স্টেশনের (ইউনিট-২) ৪৫ শতাংশ মালিকানা তার নামে রয়েছে বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক।
এজাহারে বলা হয়েছে, এসব সম্পত্তি কিনতে সাফিয়া শাহানা তার স্বামীর ‘অবৈধভাবে উপার্জিত’ আয় থেকে দুই কোটি দুই লাখ ৯০ হাজার ৯৬১ টাকা ব্যবহার করেছেন।
