২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দেখিয়েছে, ধনী না হয়েও দায়িত্বশীল হওয়া যায়: রাদওয়ান

পঞ্চাশ বছরের পথচলায় বাংলাদেশ এখনও ধনী রাষ্ট্রের কাতারে না উঠলেও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে যে ভূমিকা রেখে চলছে, তা সামনে এনেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 10:28 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

তার ভাষ্যে, “যখন অনেক দেশ যুদ্ধ আর নিপীড়নের মুখে পালাতে থাকা মানুষগুলোকে পিঠ দেখিয়েছে, তখন এমন ১০ লাখের বেশি মানুষকে বুক পেতে নিয়েছে বাংলাদেশ। এই দেশ দেখিয়ে দিয়েছে, বিশ্ব মঞ্চে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই।

“বাংলাদেশ আরও দেখিয়ে দিয়েছে, পিছিয়ে পড়া বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি কীভাবে অর্জন করা যায়।”

ত্রৈমাসিক সাময়িকী ‘হোয়াইটবোর্ড’র ষষ্ঠ সংখ্যার সম্পাদকীয়তে একথা লিখেছেন রাদওয়ান। আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান ‘হোয়াইটবোর্ড’র প্রধান সম্পাদক।

অর্থনৈতিক ও মানব উন্নয়নের বাইরে বিশ্ব মঞ্চে বাংলাদেশের আর কোন পরিচিতি তুলে ধরা যায় এবং ‘বাংলাদেশ মডেল’র বৈশিষ্ট্যগুলো কী, দেশে-বিদেশে সেগুলো সুনির্দিষ্ট ও স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে কি না, সে প্রশ্ন সম্পাদকীয়তে রেখেছেন তিনি।

‘বাংলাদেশের কাছ থেকে বিশ্বের কী শেখার আছে’- শিরোনামের এই সম্পাদকীয়তে রাদওয়ান লিখেছেন, “পঞ্চাশ বছর অগে বাংলাদেশের বিজয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের যেমন আমরা স্মরণ করছি, তেমনি আমাদের অভিষ্ট লক্ষ্যও স্থির করার সময় এসেছে।”

হোয়াইটবোর্ডের ষষ্ঠ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে এসেছে বাংলাদেশের দারিদ্র্য হ্রাসের সাফল্য। বিশ্বে সবচেয়ে বেশি দারিদ্র্য হ্রাসকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু কিভাবে? এ সফলতার পেছনে কী, তা উঠে এসেছে এ লেখায়। ‘পোভার্টি- রিডিউসিং লেসনস ফ্রম সাকসেস স্টোরিজ’ শিরোনামে এ নিবন্ধটি লিখেছেন বিনায়ক সেন।

‘হোপ অ্যান্ড হিস্ট্রি-রিথিংকিং দ্য রোহিঙ্গা রেসপন্স’ শিরোনামে ব্যার্নান্ড ডোয়েলের লেখায় উঠে এসেছে কয়েক দশক ধরে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়, তাদের লালন-পালনসহ বিভিন্ন দিক।

এর আগে গত সেপ্টেম্বরে ‘হোয়াইটবোর্ড’র পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়। সে সংখ্যায় ‘ইটস টাইম টু চ্যালেঞ্জ হোয়াট উই নো’ শীর্ষক সম্পাদকীয় লিখেছিলে রাদওয়ান।

Image
রাদওয়ান মুজিব সিদ্দিক।

রাদওয়ান মুজিব সিদ্দিক।

তার অগে জুনে প্রকাশিত চতুর্থ সংখ্যায় মধ্যম আয়ের রাষ্ট্রে রূপান্তরের পথে থাকা বাংলাদেশের সাফল্য ও অগ্রগতির গল্পে ‘বাংলাদেশ মিরাকল’ এর বদলে ‘বাংলাদেশ মডেল’ এ মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন শেখ রেহানার একমাত্র ছেলে রাদওয়ান।

গত বছরের সেপ্টেম্বরে ত্রৈমাসিক ‘হোয়াইটবোর্ড’ এর প্রথম সংখ্যা প্রকাশ করে সিআরআই, যা সাজানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের নীতি ও কৌশলগুলো নিয়ে। আর ডিসেম্বরে প্রকাশিত দ্বিতীয় সংখ্যায় ছিল মহামারীকালে অর্থনীতি পুনরুদ্ধারের নীতিনির্ধারণী বার্তা।

মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অগ্রগতির বিশ্লেষণ আর ভবিষ্যতে আর এগিয়ে যাওয়ার নীতিনির্ধারণী বার্তা নিয়ে তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়।

লন্ডন স্কুল অব ইকনোমিক্সের গ্র্যাজুয়েট রাদওয়ান দেশের তরুণদের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছেন। তারই উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে ভিত্তি করে গ্রাফিক নভেল মুজিব প্রকাশ করে আসছে সিআরই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে সিআরআই এর ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’ প্রশংসা কুড়িয়েছে।

দেশের তরুণদের জন্য ‘জয় বাংলা’ কনসার্ট আয়োজনের পেছনেও রাদওয়ান মুজিব রয়েছেন।