২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের কপির জন্য বিচারপ্রার্থীদের যেন ঘুরতে না হয়, বিচারকদের প্রতি রাষ্ট্রপতি

মামলার রায় হওয়ার পর অনুলিপি পেতে বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়, সে বিষয়ে বিচারকদের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 07:12 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভার প্রধান অতিথি রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন, মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে, তা কমাতে হলে বিচারকদের বেশি করে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে।

“কিন্তু বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়।”

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের বিচার বিভাগ সচল রাখতে সরকার গত বছর ৯ মে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করে সরকার, যা পরে আইনে পরিণত হয়।

তথ্য প্রযুক্তির প্রসার এবং আদালত ব্যবস্থাপনায় এর সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে হবে। করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীগণ বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর জন্য বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে আবদুল হামিদ বলেন, দেশের সকল আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে বিচার কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

“ইতোমধ্যে সুপ্রিম কোর্টে অনলাইন কজলিস্ট চালু হয়েছে ও অনলাইন বেল কনফার্মেশন ব্যবস্থা কার্যকরভাবে চলছে “

মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত আদালতের বিচারিক কর্মকাণ্ড ডিজিটালি সংরক্ষণের তাগিদ দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট যেহেতু ‘কোর্ট অব রেকর্ড’ সেহেতু এর সকল নথিকে ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ নিতে হবে। মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করাও জরুরি।

রাষ্ট্রপতি বলেন, দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন দেশবাসী তা প্রত্যাশা করে।

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান ও বিচর বিভাগ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তার এক সময়ের রাজনৈতিক সহচর আবদুল হামিদ বলেন, জাতির পিতা সংবিধানে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছিলেন, যেখানে সুপ্রীম কোর্ট ও অধস্তন আদালতসমূহ নিজ নিজ এখতিয়ার ও সীমার মধ্যে স্বাধীনভাবে আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করবে।

বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ নিশ্চিত হয় যখন ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বল্প সময়ে বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রদানে কাজ করে যাচ্ছে। শান্তি ও সঙ্কটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক।

নারীদের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি নিয়ে স্পিকার বলেন, “একটা কথা আমাকে অবশ্যই বলতে হবে। দেশে অনেক শক্ত আইনি কাঠামো থাকা সত্ত্বেও এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ আইন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমাদের দেশের নারীরা এখনও বিচারবঞ্চিত এবং বিভিন্নভাবে নিগৃহিত।

”তাই আমাদের দেশের নারীরা তাদের অধিকার আদায়ে পিছিয়ে না থাকে এবং আইনের আশ্রয় লাভের যে সুযোগ গ্রহণের ক্ষেত্রে যে বাধাগুলো আছে, সেগুলো সরিয়ে তারা যেন সুবিচারের জন্য এগিয়ে আসতে পারেন, সেটি নিশ্চিত করতে আমাদের আরও অনেক সংবেদনশীল হতে হবে।”

পাশাপাশি দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইনি সহায়তা দিয়ে ‘বিচার প্রাপ্তির অধিকার সুনিশ্চিত’ করার উপর জোর দেন তিনি।

রাষ্ট্রের উন্নয়নে বিচারক ও আইনজীবীদের ভূমিকা তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বিচারক একা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন না। বিচারের সব পর্যায়ে আইনজীবীর সহায়তা প্রয়োজন হয়।

“বিচারকদের মনে রাখতে হবে যে, একটি স্বাধীন বিচার ব্যবস্থার অন্তর্নিহিত শক্তির উৎসহ হল জনগণের আস্থা। সাধারণ মানুষের এই আস্থা অর্জনের জন্য বিচারকদের একদিকে যেমন উঁচু নৈতিক মূল্যবোধ ও চরিত্রের অধিকারী হতে হবে, অন্যদিকে সদা বিকাশমান ও পরিবর্তনশীল আইন, প্রযুক্তিগত উৎকর্ষতা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালে হাই কোর্ট বিভাগ ১০ জন ও আপিল বিভাগে ৩ জন বিচারক নিয়ে সীমিত পরিসরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যাত্রা শুরু করে আজ মহীরুহে পরিণত।

“সময়ের প্রয়োজনে রাষ্ট্রের এ বিশাল অঙ্গের কাজের পরিধি ও বৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি জনবল ও এজলাসের সংখ্যা বেড়েছে। বিচারকদের সুযোগ-সুবিধা ও স্বাধীনতা বেড়েছে। ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ৯৫ জন বিচারপতি নির্ভয়ে ও স্বাধীনভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

প্রধান বিচারপতির সভাপতিত্বে অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন অনুষ্ঠানে বক্তব্য দেন।