২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘চোরাই’ মোবাইলসহ গ্রেপ্তার ৬

ঢাকার শাহআলী এলাকা থেকে বিভিন্ন কোম্পানির বিপুল সংখ্যক ‘চোরাই’ মোবাইল ফোনসেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 03:24 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

তারা হলেন: মো. তারেক মাহমুদ আজাদ ওরফে ফয়সাল (৪০), মো. মাহমুদুল হাসান ওরফে সরোয়ার (৩৮), মো. সুমন (৩৮), মো. জাকির হোসেন (৩৩), মো. তুষার (২২) ও মো. রাজীব বেপারী (২৬)।

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে বিটিআরসির একজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৮টি অনিবন্ধিত মোবাইল ফোনসেট, ২৭৫টি মোবাইল চার্জার, ৪০টি ব্যাটারি উদ্ধার করার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনিবন্ধিত মোবাইল ফোনের অবৈধ বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। “জিজ্ঞাসাবারদে তারা জানায়, কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে এসব মোবাইল ফোন তারা দেশে এনেছে। মোবাইল আমদানি করার কোনো লাইসেন্স তাদের নেই।” সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে আনা এসব ফোন ‘আইএমইআই নম্বর বদলে’ তারা বিক্রি করে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ‘আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।