২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কভার্ডভ্যানের ধাক্কায় গেল সাইকেলআরোহীর প্রাণ

ঢাকার উত্তর বাড্ডায় কভার্ডভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 11:19 AM

Updated : 08 Apr 2022, 12:01 AM

মো. আবুল হোসেন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরি করতেন। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে থাকতেন টঙ্গীর গুদারাঘাট এলাকায়।

তার ভাতিজা মো. রাসেল জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সাইকেল চালিয়ে টঙ্গীতে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তার চাচা।

“উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে একটা কভার্ডভ্যান উনার সাইকেলে ধাক্কা দেয়। পথচারীরা উনাকে প্রথমে ওই এলাকার একটা হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে জানায়, চাচা মারা গেছেন।”

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার জন্য দায়ী ওই কভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।