২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা চলার মধ্যে শিশুকে নিয়ে দেশত্যাগ, পলাতক বাবার ৬ মাসের দণ্ড

মায়ের সঙ্গে জিম্মা সংক্রান্ত রিট মামলা বিচারাধীন রেখে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে বিদেশ পালিয়ে যাওয়া শানিউর টি আই এম নবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 07:58 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

নির্দেশ না মানায় আদালত অবমাননার দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করেছে আদালত। এ টাকা পরিশোধ না করলে তকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আদালতে রিটকারী মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। সঙ্গে ছিলেন আইনজীবী কাজী মারুফুল আলম।

আর দণ্ডিত শানিউর টি আই এম নবীর বাবা টি আই এম নূরুন নবীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আইনজীবী শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশু সন্তানকে নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ না মানায় টি আই এম নূরুন নবীর ছেলে শানিউর টি আই এম নবী আদালত অবমাননার দায়ে দণ্ডিত হয়েছেন।”

আর আদালতের আদেশ নিয়ে টি আই এম নূরুন নবী ফেইসবুকে যে পোস্ট দিয়েছিলেন, সেজন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট। ১০ জানুয়ারি তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই আদেশে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে একটি ব্যাখ্যা চেয়েছে।

আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, “গত ১৭ নভেম্বর গুলশান থানায় ছেলে ও নাতি ‘নিখোঁজ’ উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছিলেন টি আই এম নূরুন নবী। আদালত জিডি করার কারণ জানতে চাইলে আমরা তার ব্যাখ্যায় সিআইডির একটি প্রতিবেদন যুক্ত করেছিলাম। সিআইডির সে প্রতিবেদনটি আমরা কীভাবে পেলাম সে ব্যাখ্যাই সিআইডিকে দিতে বলেছে আদালত।”

আর রিটকারী পক্ষের আইনজীবী কাজী মারুফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টি আই এম নবীকে যে দণ্ড দেওয়া হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনকে তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ঘটনার পূর্বাপর

২০১৭ সালে ৪ জুলাই ভারতের হায়দ্রাবাদে সেদেশের মেয়ে সাদিকা শেখের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী শানিউর নবীর বিয়ে হয়। বিয়ের পর তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবাস শুরু করেন। পরে ব্যবসায়িক কারণে তারা ঢাকায় চলে আসেন।

২০১৮ সালে এই দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। বনিবনা না হওয়ায় গত ১১ অগাস্ট সাদিকা শেখকে বিচ্ছেদের নোটিস পাঠান শানিউর। তখন সাদিকা বারিধারায় শানিউরের বাড়িতেই ছিলেন।

বিচ্ছেদের নোটিস পাঠানোর পর শানিউর সন্তানকে নিজ হেফাজতে রাখতে পারিবারিক আদালতে মামলা করেন। অন্যদিকে সাদিকা নির্যাতনের অভিযোগ তোলেন শানিউর নবীর বিরুদ্ধে।

সাদিকার স্বজনরা তখন মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) কাছে আইনি সহায়তা চান। এর ধারাবাহিকতায় শিশু ও তার মাকে ‘বেআইনিভাবে আটক রাখা হয়নি’, তা নিশ্চিত করতে হাই কোর্টে রিট আবেদন করা হয়।

মামলা চলার মধ্যে শিশুকে নিয়ে বাবার দেশত্যাগ, দাদাকে হাই কোর্টের হুঁশিয়ারি  

মায়ের সঙ্গে মামলা চলার মধ্যে শিশুকে নিয়ে বাবার দেশত্যাগ, দাদাকে তলব  

ফ্লাডের পরিচালক কাজী মারুফুল আলম ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ওই আবেদন করেন।

প্রাথমিক শুনানি নিয়ে গত ৯ অগাস্ট হাই কোর্ট বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক সাদিকা শেখ ও তার শিশুসন্তানকে ২৬ আগস্ট আদালতে হাজির করতে গুলশান থানা-পুলিশকে নির্দেশ দেয়।

সে আদেশ অনুযায়ী শিশুসহ সাদেকা শেখ আদালতে হাজির হন। এরপর আদালত শিশুর মা-বাবার বক্তব্য শোনে এবং ফ্লাডের ব্যবস্থাপনায় মা ও শিশুকে রাখার আদেশ দেয়।

ওই আদেশে বলা হয়, দুই মাস ফ্লাডের ব্যবস্থাপনায় থাকবে মা ও শিশু। তবে বাবা সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন। এ দুই মাস সাদিকা শেখের পাসপোর্ট গুলশান থানায় জমা থাকবে।

তবে হাই কোর্টের আদেশের পর শিশুটির বাবা শানিউর নবী সন্তানকে গুলশানে ‘উন্নত পরিবেশে’ রাখার ইচ্ছার কথা জানান। তখন শিশুটির মা সাদিকা শেখও রাজি হন।

উভয় পক্ষের সমঝোতায় সাদিকা শেখ ও তার শিশু সন্তানকে গুলশান ক্লাবে থাকার ব্যবস্থা করেন শানিউর নবী। এভাবেই গুলশান ক্লাবের ওই রুমে সন্তানকে নিয়ে থেকে আসছিলেন সাদিকা শেখ।

দুই সপ্তাহ পর গত ১৩ নভেম্বর সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান ক্লাবের ওই রুমটি তল্লাশিতে গিয়েছিল। তখন শানিউরের বাবাও ছিলেন। সাদিকা শেখের কাছে খবর পেয়ে তার আইনজীবীরা সেখানে গেলে গুলশান ক্লাব কর্তৃপক্ষ তাদের ঢুকতে দেয়নি।

এদিকে উচ্চ আদালতের নির্দেশে শিশুটিকে পৌঁছে দেওয়ার সময় পেরিয়ে গেলে শিশুটির মা সাদিকা শেখের আইনজীবী শানিউর নবীকে ফোন করলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে বলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার নম্বর পাঠিয়ে দেন।

তখন আইনজীবী মারুফুল আলম যোগাযোগ করলে জ্যোতির্ময় বড়ুয়া তাকে বলেন, শিশুটিকে তারা মায়ের কাছে ফিরিয়ে দেবেন না, কারণ গুলশান ক্লাবের যে কক্ষে সাদিকা শেখ ও শিশুটির থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই কক্ষে একটি ‘ডিভাইস’ পাওয়া গেছে।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সে সময় জানান, ১৫ নভেম্বর শিশুটিকে আদালতে হাজির করা হবে।

কিন্তু ১৫ নভেম্বর শিশুটিকে আদালতে হাজির করা না হলে আদালত মৌখিক আদেশে ১৬ নভেম্বর বেলা ১০টার মধ্যে শিশুটিকে তার মায়ের আইনজীবী ফাওজিয়া করিমের সুপ্রিম কোর্টের চেম্বারে নিয়ে আসতে নির্দেশ দেয়।

ওই আদেশের পরও শানিউর নবী শিশুটিকে নিয়ে আসেননি এবং এ বিষয়ে কোনো যোগাযোগও করেননি।

১৬ নভেম্বর বিষয়টি ফের শুনানির জন্য উঠলে আইনজীবী জ্যেতির্ময় বড়ুয়া আদালতকে বলেন, তিনি এ মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি তার মক্কেলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু তাকে তিনি পাননি।

তখন আদালত ফের অদেশ দেয়। শানিউর নবী যাতে শিশুটিকে নিয়ে দেশত্যাগ করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা দিয়ে ১৭ নভেম্বর পরবর্তী আদেশের জন্য রাখে। সেই সাথে গুলশান থানার ওসিকে নির্দেশ দেয় শিশুসহ শানিউর নবীকে আদালতে হাজির করতে।

এদিকে শানিউর নবীর বাবা নূরুন নবী গত ১৭ নভেম্বর গুলশান থানায় ছেলে ও নাতি ‘নিখোঁজ’ জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চের ১৬ নভেম্বরের আদেশের কথা উল্লেখ করে নূরুন নবী জিডিতে বলেন, “আমার ছেলে শানিউর টি আই এম নবী (৪০) তার ছেলে সাদিক নবীকে (৩ বছর ৭ মাস) বিজ্ঞ আদালতে সকাল ১০ ঘটিকায় হাজির করে তার বিপক্ষের আইনজীবীর নিকট বুঝিয়ে দিয়ে উক্ত মামলার শুনানিতে অংশগ্রহণের কথা ছিল। সেই জন্য গত ১৫ নভেম্বর রাতে পারিবারিকভাবে আমার ছেলেকে যথাসময়ে তার ছেলেকে নিয়ে আদালতে হাজির হওয়ার বিষয়ে আলাপ-আলোচনাকালে সে যথা সময়ে আদালতে হাজির হবে বলে আমাদের জানায়। এই সময় তাকে খুব বিষণ্ন এবং উদ্বিগ্ন দেখাচ্ছিল।

“১৬ নভেম্বর সকাল ৮টার দিকে আমার ছেলে তার ছেলেকে নিয়ে হাই কোর্টের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। আমি ও আমার মেয়ে ড. নাবীলা নবী বেলা আনুমানিক সোয়া ৯টায় হাই কোর্টের উদ্দেশে বাসা থেকে রওনা দিই এবং বেলা সোয়া ১০টায় হাই কোর্ট চত্বরে হাজির হই এবং আমার ছেলের আইনজীবী নিকট যাই। তখন আমি আমার ছেলে শানিউর এবং তার ছেলেকে হাই কোর্ট এলাকায় খোঁজাখুঁজি করি এবং উকিলের চেম্বারে না পেয়ে তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। আমি এবং আমার মেয়ে ফোনে যোগযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাই।

“আমি এবং আমার মেয়ে বেলা ৩টা পর্যন্ত কোর্টে অবস্থান করে তাকে এবং তার ছেলেকে না পেয়ে আমার ছেলের আইনজীবীর সাথে কথা বলে বাসায় চলে আসি।”

নূরুন নবী জিডিতে বলেছেন, “এখনও তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাচ্ছি। আমি একজন বয়স্ক ব্যক্তি, হার্ট এবং ব্লাড প্রেশারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আমার ছেলে ও নাতিকে খুঁজে না পাওয়ার বিষয়টি নিয়ে আমি খুব ভয়ে আছি। একটি সন্ত্রাসী মহল আমার ছেলে শানিউর নবীকে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবি করে আসছিল।”

এরপর ১৭ নভম্বের আদালত ফের আদেশ দেয়। তাতে পুলিশের ঢাকা মহানগর কমিশনার ও গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়, শিশুসহ শানিউর নবীকে ২১ নভেম্বর বিকাল ৩টার মধ্যে আদালতে হাজির করতে হবে।

কিন্তু ২১ নভেম্বর পুলিশ জানায়, শিশুটিকে নিয়ে বাবা শানিউর নবী দেশত্যাগ করেছেন।

পরে ২৩ নভেম্বর নূরুন নবীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তাকে তলব করে হাই কোর্ট। 

নাতিকে নিয়ে ছেলে শানিউর টি আই এম নবীর দেশত্যাগের পর ‘নিখোঁজ’ জানিয়ে থানায় জিডি করা এবং আদালতের আদেশ নিয়ে ফেইসবুকে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। 

সেই সঙ্গে শানিউর নবীর বাংলাদেশি পাসপোর্টের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেয় হাই কোর্ট।

গত ৭ ডিসেম্বর সে তলবে হাজির হয়ে নূরুন নবী ব্যাখ্যা দিতে আইনজীবীর মাধ্যমে এক সপ্তাহ সময় চাইলে মঙ্গলবার পর্যন্ত সময় দেয় হাই কোর্ট।

এরপর বুধবার শানিউর টি আই এম নবীকে ছয় মাসের কারাদণ্ড দিল আদালত।