তুরস্কের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে উদ্যান, ভাস্কর্য
তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
একই সঙ্গে নগরীর একটি উদ্যানের নামকরণ করা হয় বাংলাদেশের জাতির পিতার নামে।
সোমবার আঙ্কারার বুলভার্ডের চার রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি উন্মোচন করা হয়।
এসময় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, মেয়র মনসুর ইয়াভাস ও ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান উপস্থিত ছিলেন।
আতিকুল বলেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ও বঙ্গবন্ধুর নামে উদ্যান বাংলাদেশের জন্য সত্যিই গর্বের এবং বাঙালি জাতির জন্য অনেক সম্মানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সামনে রেখেই তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং উদ্যান করার চিন্তা করে ডিএনসিসি। বিষয়টি নিয়ে তুরস্কের প্রস্তাব দিলে তারাও সম্মত হয়। “আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিনিময়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন পার্কের নাম কামাল আতাতুর্কের নামে করা হবে।”
এ কাজে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং তুরস্কের সরকার সহায়তা করেছে বলে জানান ডিএনসিসি মেয়র।
তিনি বলেন, “তুরস্কে অনেক মানুষ বেড়াতে আসে। এই পার্কে এসে, ভাস্কর্য দেখে পর্যটকরা জানতে পারবেন বঙ্গবন্ধু সম্পর্কে। এছাড়া আমি মনে করি এতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হবে।”
