২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিজিবি সদস্য নিহত: জড়িত অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় নীলফামারীর কিশোরগঞ্জে এক বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 12:16 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

গ্রেপ্তার মারুফ হোসেন অন্তিক গাড়াগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান এবং নির্বাচনে জাপার প্রার্থী ছিলেন।

সোমবার রাতে এক বার্তায় র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের প্রধান আসামী অন্তিককে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে বার্তায় কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য দেওয়া হয়নি। মঙ্গলবার এ ব্যাপারে র‍্যাব বিস্তারিত জানাবে বলে এতে উল্লেখ করা হয়।

গত ২৮ নভেম্বর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শেষে রাত সাড়ে ৯টার দিকে হামলায় বিজিবির ল্যান্স নায়েক রুবেল হোসেন মণ্ডল (৩৫) নিহত হন।

Image
বিজিবির নিহত ল্যান্স নায়েক রুবেল হোসেন মন্ডল

বিজিবির নিহত ল্যান্স নায়েক রুবেল হোসেন মন্ডল

এ মামলার এজাহারে অভিযোগ করা হয়, রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ওই ইউপি নির্বাচনে পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকাররি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষণা শেষে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় পরাজিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মারুফ হোসেন অন্তিকের নেতৃত্বে আসামিরা আরও লোকজন সঙ্গে নিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এতে কর্তব্যরত জিজিবি সদস্য রুবেল হোসেন মন্ডল মুখে আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন।

ওই ঘটনায় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং কর্মকর্তাসহ একাধিক পুলিশ ও বিজিবি কর্মকর্তা এবং সদস্য আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়।

এই ঘটনায় দায়ের করা মামলায় মারুফ হোসেন অন্তিককে মামলায় প্রধান আসামী করা হয়েছে। এছাড়া আরও ৯৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।