অবৈধ সিগারেট কারখানা বন্ধের নির্দেশ হাই কোর্টের
অবৈধ সিগারেট কারখানা বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।
অবৈধ সিগারেট কারখানাসহ সব ধরনের তামাকজাত দ্রব্য বিশেষ করে সিগারেট ও বিড়ির অবৈধ উৎপাদন ও ব্যবসা বন্ধে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্য, বন ও পরিবেশ, শিল্প, শ্রম ও স্বরাষ্ট্র সচিব, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বয়লারের প্রধান পরিদর্শক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী শেখ রফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী শেখ রোবায়াৎ ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেপুল বাগমার।
শেখ রোবায়াৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার ২০৪০ সালের মধ্যে তামাকজাত পণ্যের উৎপাদন ৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে।
“আইন লঙ্ঘন করে এসব স্থানীয় কম্পোনিগুলো যদি এভাবে সিগারেট-বিড়ি উৎপাদন করতে থাকে তাহলে সে লক্ষ্য পূরণ সম্ভব না। তাছাড়া এভাবে বিড়ি-সিগারেটের উৎপাদন পরিবেশ-প্রতিবেশের ব্যাপক ক্ষতি করছে। আদালত অবিলম্বে এসব কারখানা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।”
কিশোরগঞ্জে হেরিটেজ টোব্যাকো, তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো, চট্টগ্রামে ইন্টারন্যাশনাল টোব্যাকো, মানিকগঞ্জে বিউটি টোব্যাকোসহ দেশের বিভন্ন অঞ্চলে অবৈধ কোম্পানি ও কারখানা সিগারেট ও বিড়ি উৎপাদন করে বাজারে ছাড়ছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
এ নিয়ে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে গত ৮ ডিসেম্বর হাই কোর্টে তামাকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন মাদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিলের (মানবিক) পক্ষে রিট আবেদনটি করা হয়।
