ইভানাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামীর জামিন
ঢাকার স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীকে (৩২) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় জামিন পেয়েছেন তার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ব্যারিস্টার রুম্মান। অন্যদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট জায়েদুর রহমান জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুম্মান এর আগে হাই কোর্ট থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।”
গত ১৫ সেপ্টেম্বর শাহবাগের পরীবাগে শ্বশুরবাড়ির নিচ থেকে ইভানার লাশ উদ্ধার করা হয়। ভবন থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন বলে শ্বশুরবাড়ির লোকরা জানিয়েছিল।
এরপর গত ২৫ সেপ্টেম্বর ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় মামলা করেন। এতে ইভানাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয় তার স্বামী রুম্মান এবং ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লাকে।
এজাহারে অভিযোগ করা হয়, ওই চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ষড়যন্ত্রমূলকভাবে ইভানাকে এক বছর ধরে ঘুমের ওষুধ খাওয়ানো হচ্ছিল, যা তাকে বিষাদগ্রস্ত করে তুলেছিল।
