চট্টগ্রামের কারা কর্মকর্তাদের বিরুদ্ধে বন্দির স্ত্রীর মামলা
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বন্দিকে মারধরের অভিযোগে জ্যেষ্ঠ জেল সুপার ও জেলারসহ কারাগারের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছেন ওই বন্দির স্ত্রী।
সোমবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে মামলাটি করেন বন্দি মো. শামীমের স্ত্রী পারভিন আকতার হিরা।
মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তরিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, কারারক্ষী সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সৈয়দ মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডায়েট লিস্ট অনুযায়ী খাবার না দেওয়ায় প্রতিবাদ করেছিলেন বন্দি শামীম। একারণে তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।”
হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) আইনে মামলাটি করা হয়েছে।
আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে তদন্ত করতে মৌখিক আদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী মোতাহার।
এই অভিযোগের বিষয়ে জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলামসহ কারা কর্মকর্তাদের কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। জেল সুপার শফিকুল ইসলাম ও জেলার দেওয়ান তরিকুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলেও তারা ফোন ধরেননি।
শামীম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া গ্রামের বাসিন্দা। একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ২০০৪ সাল থেকে তিনি কারাগারে আছেন।
মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রাম কেন্দ্র্রীয় কারাগারের মেডিকেল ওয়ার্ডে ছিলেন মো. শামীম। গত ১২ জুলাই তাকেসহ অন্য আসামিদের কারাবিধি অনুসারে ডায়েট (খাবার) দেওয়া হয়নি।
শামীম ডায়েটের কথা জিজ্ঞেস করলে সুবেদার মো. এমদাদ হোসেন তা জেলারকে জানায় এবং জেলার এসে শামীমকে মারধর করে বলে এজাহারে দাবি করা হয়।
এরপর ১৭ জুলাই সন্ধ্যায় ডেপুটি জেলার, সুবেদার ও কারারক্ষী এবং পরে জেলারসহ মিলে তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়ে মামলায়। সে দিনই শামীমকে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বাদীর আইনজীবী মোতাহার বলেন, “গত ১১ নভেম্বর অন্য একটি মামলায় হাজিরা দিতে শামীমকে চট্টগ্রাম আদালতে আনা হলে দেখা যায়, তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। তার কোমরে ব্যথা ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ।”
এরপর ২৫ নভেম্বর পারভিন চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। এখতিয়ার না থাকায় ৬ ডিসেম্বর আবেদনটি ফিরিয়ে দেন ওই ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করার নির্দেশনা দেন। এরপর সোমবার মামলাটি জজ আদালতে দায়ের হল।
একটি হত্যা মামলায় ২০০৭ সালের ২৪ এপ্রিল শামীমের ফাঁসির রায় হয়েছিল। পরে ২০১২ সালে আপিলে সাজা কমিয়ে উচ্চ আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। শামীমের বিরুদ্ধে এটি ছাড়া আরও ছয়টি মামলা আছে।
