৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার তিন দলিল পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তিতে কমিটি করার নির্দেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণসহ সংবিধানে থাকা স্বাধীনতার তিন দলিল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এগুলো কীভাবে, কোন স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে কমিটি গঠন করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়ে আদালত বলেছে, কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিত হবে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।
আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীভাবে, কোন স্তরের পাঠ্যপুস্তকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা যায় তা শিক্ষা মন্ত্রণালয়ের ওই কমিটি সুপারিশ করবে।
ইতিহাস বিকৃতি রোধে সংবিধানের পঞ্চম তফসিলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে জাতির পিতার স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম তফসিলে থাকা মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের পঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও আইজিপিসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত ২ ডিসেম্বর আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ি।
এর আগে আরেকটি রিট আবেদনে সাড়া দিয়ে হাই কোর্টের আরেকটি বেঞ্চ গত ৮ সেপ্টেম্বর কোন স্তরের পাঠ্যসূচিতে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে সরকারকে ‘শিক্ষা বিশেষজ্ঞ কমিটি’ গঠন করার নির্দেশ দিয়েছিল।
