২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তে ভেজা সংবিধান জাতির পিতার উপহার: স্পিকার

বাহাত্তরে প্রণয়ন করা বাংলাদেশের সংবিধান ‘বিশ্বে বিরল’ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, “আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি নিজের আত্মপরিচয়, নিজের দেশের স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে তা বিশ্বে বিরল।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 08:43 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাঙালি জাতি ভাষা ও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে- যা বিশ্বে বিরল। কোনো অনুকম্পা নয় কিংবা কারো দানে নয়, রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য উপহার। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতির অস্তিত্বকে হুমকির সম্মুখীন করা হয়েছে।”  

স্পিকার বলেন, “এই সংবিধানের বর্ণনা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেন আমাদের সংবিধানটা অনেক ইউনিক। এইটা অন্য কোনো রাষ্ট্রের সাথে সমঝোতার দলিল না।”

প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় শিরীন শারমিন এসব কথা বলেন।

শিরীন শারমিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। রূপকল্প ২০২১ আজ বাস্তবতা এবং  রূপকল্প ২০৪১ ও বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে সরকার কাজ করে চলেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল পাবে।”

“আজকের বাংলাদেশে সমগ্র বিশ্বে এক উন্নয়নের বিস্ময়। ডেভেলপমেন্ট মিরাকেল হিসেবে আজ বিশ্বে পরিচিত। আজকে আমরা একটা দরিদ্র দেশ, বন্যাকবলিত দেশ হিসেবে পরিচিত নই। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল। ”

'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ'- শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের যে ৫০ বছরের পথ চলা সেখানে সবচেয়ে বড় যে আঘাত এসেছে তা হলো ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা। যেটা এই গৌরব ইতিহাসের ধারা সেটাকে উল্টো পথে পরিচালিত করার বড় নীল নকশা।”

“আমাদের যতটুকু সফলতা, যতটুকু অর্জন আজকে আমরা করতে পেরেছি। সেখান থেকে আমাদের আরো সামনে দিকে, আগামী ৫০ বছরের পথ রচনা করতে হবে।“

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল ।

পরে স্পিকার শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রেসক্লাবের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।