২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে দেশে বিদেশে কাজ চলছে: মোমেন

২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত ‘রোডম্যাপ’ ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নে দেশ-বিদেশে কাজ করছে বলে জানিয়েছেন এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 07:45 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস অ্যাম্বাসেডরসের আয়োজনে ‘চির অম্লান বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জনে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “আমরা যে পথে চলছি আমার বিশ্বাস ২০৪১ সালের মধ্যে সত্যিকারভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন করতে পারব। সেইভাবে আমরা একাধিক উদ্যোগ নিয়েছি।”

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত উত্তম। সেই সঙ্গে ১৯৩টি দেশ এবং নামিদামি ব্যক্তি ইন্সটিটিউশন থেকে ২৩২টি ম্যাসেজ (বার্তা) পেয়েছি।

“এসব বার্তায় বাংলাদেশের অভাবনীয় সাফল্যে তারা আনন্দিত এবং তারা আমাদের সঙ্গে থাকবে। এতে বর্তমান সরকারের প্রতি বিশ্ববাসীর আস্থা ও বিশ্বাস প্রতিফলিত হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী যে মানবিকতার পরিচয় দিয়েছেন তার প্রশংসা করেছেন তারা।“

দুই বছর আগের সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ‘ইকোনমিক ডিপ্লোমেসি’ উইং ও ‘ফোকাস ডিপ্লোমেসি’ উইং করে কাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এর উদ্দেশ্য হচ্ছে- জনশক্তিকে কাজে লাগানো, বিনিয়োগ- এক্সপোর্ট বাড়াতে চাই, গেইনফুল এমপ্লয়ম্যান্ট চাই, টেকনোলজি ট্রান্সপার চাই, কোয়ালিটি সার্ভিস দিতে চাই।”

গত ১২ বছরে সরকারের অর্জন বিশ্বে তুলে ধরতে এবং বঙ্গবন্ধুর জীবনী জানাতে পাবলিক ডিপ্লোমেসি উইংও কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতিসংঘ, কানাডা, ভারত, নাইজেরিয়া, তুরস্কসহ অনেক দেশে স্মারক ডাকটিকেট প্রকাশ করেছি। একইভাবে বিভিন্ন দেশের ৮০টি মিশনে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধু চেয়ার করেছি।”

সাবেক রাষ্ট্রদূত ও বিকল্প ধারার সহ সভাপতি শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। স্বাগত বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব হাবিবুল হক।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য একাধিক সাবেক রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।