২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শিল্প বিপ্লবে সফল হতে ‘মানসিকতা পরিবর্তনের’ তাগিদ

চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 04:51 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার সাথে শিল্পের যোগাযোগের তাগিদ দেন তিনি।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনের তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে বলেন, বিশ্বে যে শিশুরা এখন স্কুলে প্রবেশ করছে, তাদের ৬৫ শতাংশের জন্য নতুন চাকরির সুযোগ নেই।

“চাকরির বাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরির এখনই মোক্ষম সময়। আশা করি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সক্ষম হবে।”

দীপু মনি বলেন, “আমাদের বুঝতে হবে যে, আমরা যদি আমাদের শিল্পের জন্য প্রয়োজনীয় জনশক্তি তৈরিতে ব্যর্থ হই, তাহলে তারা বাইরে থেকে দক্ষ জনশক্তি খুঁজবে। সেজন্য আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। এটা সহজ নয়, কিন্তু আমাদের এখনই সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”

আগের তিনটি শিল্প বিপ্লবে বাংলাদেশ অংশ নিতে পারেনি মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এবারের সুযোগ হারাতে চাই না। চতুর্থ শিল্প বিপ্লবে আমরা অংশ নিতে চাই এবং এই নতুন যুগে সফল হব আশা করি।”

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে শিক্ষাবিদ ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়ের তাগিদ দেন।

“এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ এই উপমহাদেশ, এমনকি বিশ্বজুড়ে উচ্চ শিক্ষা কেন্দ্রগুলোর সাথে প্রথাগতভাবেই ইন্ড্রাস্ট্রির তেমন যোগাযোগ ও সমন্বয় নেই। কিন্তু এখন এই মানসিকতা চেইঞ্জ করার সময় এসেছে।”

নতুন নতুন প্রযুক্তি কীভাবে মানুষের চিন্তা, মূল্যবোধ, কাজ ও জীবনের সবক্ষেত্রে প্রভাব ফেলছে, তা তুলে ধরেন উপমন্ত্রী।

এর সাথে বিনোদন, শিক্ষা ও কর্মসংস্থানে পরিবর্তন আসছে জানিয়ে তিনি বলেন, “শুধু শিক্ষার্থী নয়, চতুর্থ শিল্প বিপ্লবের এই সুযোগ যে কেউ কাজে লাগাতে পারে। সেখানে উচ্চ শিক্ষার বড় দায়িত্ব সমাজে ডিজিটাল লিটারেসি বাড়ানো।”

পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে মহিবুল হাসান চৌধুরী বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশ প্রস্তুত। আমরা তাতে সফল হব। সেজন্য শিক্ষা থেকে ইন্ডাস্ট্রি পর্যন্ত আইসিটি অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।