২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় নিহত ডেটা এন্ট্রি অপারেটরের পরিবারকে ইসির সহায়তা

সড়ক দুর্ঘটনায় নিহত ডেটা এন্ট্রি অপারেটর মো. আজমতের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 11:30 PM

Updated : 02 Aug 2022, 06:40 PM

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রকল্প কার্যালয়ে আজমতের স্ত্রী আমেনা বেগম ও আজমতের বড় ভাই মো. হাশমত আলীর হাতে সাত লাখ টাকার এ সহায়তা তুলে দেন আইডিইএ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

১০ সেপ্টেম্বর মোটরসাইকেলে পূর্বাচল থেকে গাজীপুরে যাওয়ার পথে কালিগঞ্জে দুর্ঘটনায় নিহত হন এ প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটর মো. আজমত। ২০১৬ সালের ১ মার্চ থেকে তিনি আইডিইএ প্রকল্পে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

নির্বাচন কমিশনের ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস’ (আইডিইএ) প্রকল্পের জুনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট মো. শফিকুল ইসলাম জানান, আজমতের স্ত্রী আমেনা বেগমকে সাড়ে তিন লাখ এবং মা-বাবার জন্য বড় ভাই হাশমতকে সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয়েছে।

কমবয়সীরা পাবে স্মার্টকার্ড, দ্বিতীয় প্রকল্প  

দেশের ৫১৯ টি থানা উপজেলা ও জেলা নির্বাচন অফিস এবং ১০টি আঞ্চলিক অফিসে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটর, স্ক্যানিং অপারেটর, টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যাল এক্সপার্ট, সহকারী-প্রোগ্রামারসহ প্রকল্প কর্যালয়ের কর্মকর্তা-কমচারীর পক্ষে আজমতের স্বজনদের হাতে এ সহায়তা দেওয়া হয়। 

নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করে ইসি। পাশাপাশি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ লেমিনেটেড এনআইডি দিয়ে আসছে। ২০১৬ সাল থেকে নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট এনআইডি দেওয়া হচ্ছে। আইডিইএ প্রকল্পটি স্মার্টকার্ড উৎপাদন ও বিতরণ কার্যক্রমের কাজ করে থাকে।