ঢাকার বাসাবোতে যুবককে কুপিয়ে হত্যা
বকেয়া টাকা চাওয়ার জের ধরে ঢাকার পূর্ব বাসাবোতে এলোপাতাড়ি কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার পর পূর্ব বাসাবোর হক প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত যুবকের নাম জহির মুন্সি (২৬)।
মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলম আখতারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জহির মুন্সি নামের এক যুবককে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“ঘটনার পরপরই স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।“
যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম নাজমুল বলে জানিয়েছে পুলিশ।
“নাজমুল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং সাথে তার ভগ্নিপতি ছিল বলেও জানিয়েছে,” বলেন এ পুলিশ কর্মকর্তা।
জহির মুন্সি তার বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করতেন। নাজমুল একজন দিনমজুর জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সাত আট মাস আগে জহিরের বাসায় সাবলেট নিয়ে মাস দুয়েক ভাড়ায় ছিলেন নাজমুল।
জহিরের পরিবারের উদ্ধৃতি দিয়ে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থাকা এবং খাওয়ার বিনিময়ে নাজমুলের কাছে সাত হাজার টাকা পাওনা ছিল জহিরের। টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলছিল।
“টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে এ নিয়ে কয়েকদফা বাকবিতণ্ডা হয়েছে। এরই জের ধরেই এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।”
তবে এর পেছনে অন্য কিছু আছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহত জহিরের লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
জহিরের বাবা মোকলেছ মুন্সি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যার ঘটনার সময় নাজমুলের সঙ্গে থাকা তার ভগ্নিপতিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশের দুই কর্মকর্তা জানান।
