২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় শোক ঘোষণা করবে সরকার’

সাভারের নিশ্চিন্তপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাতীয় শোক ঘোষণা করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 09:11 AM

Updated : 25 Apr 2022, 09:57 PM

সাভারের নিশ্চিন্তপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাতীয় শোক ঘোষণা করবে সরকার।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকালে ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর এই মর্মান্তিক ঘটনার পর থেকেই খোঁজখবর নিচ্ছেন। ইতোমধ্যে তিনি নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়ার নির্দেশ দিয়েছেন।”

এই হতাহতের ঘটনায় জাতীয় শোক দিবস ঘোষণা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে ঘোষণা দেবেন।”

অবশ্য প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় অগ্নিকা-ে হতাহতের ঘটনায় জাতীয় শোক ঘোষণার বিষয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হবে। আশুলিয়া ছাড়াও চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।”

প্রধানমন্ত্রী রাত জেগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর প্রধানসহ উদ্ধারকাজে নিয়োজিত প্রসাশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলেও শাকিল জানান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তোবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনে আগুন লাগে। অগ্নিনির্বাপণ বাহিনীর ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

উদ্ধারকর্মীরা রাতেই সাত নারীসহ নয় শ্রমিকের লাশ পাওয়ার খবর দেন। এরা সবাই আগুন থেকে বাঁচতে নয় তলা ওই কারখানা ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন।

সকালে ওই ভবনে ঢুকে বিভিন্ন তলা থেকে পাওয়া যায় আরো একশ লাশ।

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু,স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন।

ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, “এটা খুবই মর্মান্তিক। সারি সারি লাশ পড়ে আছে। এটা ভাষায় প্রকাশ করা যায় না। এ মৃত্যু পাহাড়ের মতো ভারি।”

এ ঘটনায় হতাহতদের পরিবারকে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান মাহাবুব উল আলম হানিফ।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ সৎকারের জন্য নিহতদের স্বজনদের দেয়া হচ্ছে ২০ হাজার টাকা করে।