নতুন বছর বরণে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি
নতুন ইংরেজি বছরকে বরণ করে নিতে পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
নতুন ইংরেজি বছরকে বরণ করে নিতে পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে গেল বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে ২০১২ সালের শেষ সন্ধ্যায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন উপলক্ষে প্রতিবছরই কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসেন। এবারও তার ব্যতিক্রম হবে না।
কক্সবাজারের চার শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউজের সব কক্ষই আগাম ভাড়া হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এ রাতে কক্সবাজারের দুই লাখের বেশি দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেছেন বলেও জানান তিনি।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজারে হোটেল লং বিচে আয়োজন করা হয়েছে লাইভ কনসার্ট, যাতে দেশি শিল্পীদের সঙ্গে ইন্ডিয়ান আইডল অমিত পাল ও সারেগামাপা’র সোমেধা কারমাহিও অংশ নেবেন।
সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত এ কনসার্ট চলবে বলে জানান লং বিচ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামাল উদ্দিন।
এদিকে, এনটিভির উদ্যোগে আয়োজন করা হয়েছে ওপেন বিচ কনসার্ট। সমুদ্র সৈকতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত হবে এই কনসার্ট, যা সরাসরি সম্প্রচার করবে এনটিভি। সামিনা চৌধুরী, এন্ড্রু কিশোর, হায়দার হোসেন এবং ক্লোজআপ ওয়ান তারকারা এ কনসার্টে গান গাইবেন।
নববর্ষ উদযাপনে ওশান প্যারাডাইস হোটেলের বল রুম ও ছাদে ফ্যাশন শো, ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন হয়েছে বলে হোটেলটির ব্যবস্থাপক ডাল্টন জহির জানান।
এসব অনুষ্ঠানে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা প্রস্তুতি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক পরিস্থিতিতে বিপুল মানুষের সমাগম হলে স্বাভাবিকভাবে নানা আশঙ্কা থাকে। তাই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।”
বছরের শেষ দিন কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের বিশেষ চেক পোস্ট। এর পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন এবং সাদা পোশাকে পুলিশের নজরদারিস থাকবে বলে জানান তিনি।
