২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বাড়ানোর দাবিতে মিরপুর ও কুড়িলে শ্রমিক বিক্ষোভ

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর এবং কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2021, 01:03 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা আটকে শ্রমিকদের এ বিক্ষোভ শুরু হয়। ওই এলাকার বিভিন্ন কারখানার শত শত শ্রমিক তাতে যোগ দেন।

এ সময় রাস্তার ওপর প্লাস্টিক 'রোড ডি-ডাইডারে' আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় শ্রমিকদের। কারও কারও হাতে লাঠিও ছিল।

বিক্ষোভে অংশ নেওয়া একজন পোশাক শ্রমিক বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। বাড়িভাড়া ও বাস ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের বেতন বাড়েনি।

এই দাবিতে মঙ্গলবারও মিরপুর এলাকায় বিক্ষোভে নেমেছিলেন শ্রমিকরা। সে সময় ‘মালিকপক্ষের সন্ত্রাসীরা’ তাদের ওপর হামলা চালায় বলে শ্রমিকদের অভিযোগ।

Image
বেতন বাড়ানোর দাবিতে বুধবার সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তার ওপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

বেতন বাড়ানোর দাবিতে বুধবার সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তার ওপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “১০ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। গতকাল হামলায় শ্রমিক নিহত হয়েছেন বলে তারা দাবি করছে, তবে সেটা সত্য নয়।”

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে শ্রমিকরা মিরপুর ১৩ ও ১৪ নম্বরের দিকে চলে গেলে মিরপুর ১০ নম্বর হয়ে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান পরিদর্শক রফিকুল।

এদিকে মিরপুর ১৪ নম্বরের দিকে শ্রমিকদের বিক্ষোভ চলার সময় কাফরুল থানার উল্টো দিকে দুটো বাইকে আগুন দেওয়া হয়।

Image
বেতন বাড়ানোর দাবিতে বুধবার সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

বেতন বাড়ানোর দাবিতে বুধবার সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি

তবে কারা সেখানে আগুন দিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। বেলা সাড়ে ৩টার দিকে শ্রমিকরা ওই এলাকা ছেড়ে চলে যায় বলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানান।

বেতন বাড়ানো দাবিতে বেলা ১১টার দিকে কুড়িল এলাকাতেও প্রগতি সরণির রাস্তা বন্ধ করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়।

পুলিশ জানায়, ওই এলাকার বিভিন্ন কারখানার কয়েকশ শ্রমিক তাতে যোগ দেন। সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে কুড়িল এলাকায় প্রগতি সরণি বন্ধ হয়ে যায়।

“ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগ ও গুলশান বিভাগ এই পথে আসা যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।”

সাড়ে চার ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।