দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ-মালদ্বীপ এক সঙ্গে কাজ করতে পারে: রাষ্ট্রপতি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ও মালদ্বীপ এক সঙ্গে কাজ করতে পারে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশ সফররত মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তার সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি এ আশা ব্যক্ত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গভবনে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ এর মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে তা সম্প্রসারিত হচ্ছে।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি আশা করেন, মালদ্বীপের উপরাষ্ট্রপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরো সম্প্রসারিত হবে।”
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ও মালদ্বীপ উভয় ‘ঝুঁকিপূর্ণ দেশ’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও মালদ্বীপ একযোগে কাজ করতে পারে।
সাক্ষাৎকালে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট করোনাভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান।
ফয়সাল নাসিম শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
তিন দিনের সফরে সোমবার সকালে ঢাকায় আসেন মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট।
