২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ মুগদায় গ্যাসের আগুনে চারজন দগ্ধ

রাজধানীর দক্ষিণ মুগদার একটি বাসায় গ্যাসের আগুনে চারজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2021, 12:30 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

সোমবার সকালে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায় বলে মুগদা থানার পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- প্রিয়াংকা রানী, তার স্বামী সুধাংশ, ছেলে অরূপ ও প্রিয়াংকার মা শেফালী রানী। তাদের মধ্যে শেফালীর শরীরের ৫৫ শতাংশ, প্রিয়াংকার ৩০ শতাংশ, সুধাংশুর ৩৫ শতাংশ এবং অরূপের ৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান পরিদর্শক আশীষ।

তিনি বলেন, “শীতকাল বলে ঘরের দরজা ও জানালা রাতে বন্ধ ছিল। রান্নাঘরের গ্যাস লাইনের ছিদ্র থেকে সারারাত গ্যাস বেরিয়ে ঘরে জমে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

সকাল সাড়ে ৮টার দিকে শেফালী রান্নাঘরে গিয়ে চুলা ধরাতে ম্যাচের কাঠি জ্বালানোর সাথে সাথে ঘরে আগুন লেগে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।