২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক হিসেবে মরফিন ট্যাবলেট বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

ব্যাথানাশক ওষুধ মরফিন মাদক হিসেবে বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2021, 02:44 AM

Updated : 02 Aug 2022, 06:36 PM

শুক্রবার রাতে কোতোয়ালী থানাধীন বাবু বাজার মাজারের সামনে থেকে মোঃ আলমগীর সরকার (৫৮) ও জাহিদুল ইসলাম (৩৪) নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালী জোনাল টিম গোয়েন্দা (লালবাগ) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই জনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিটফোর্ড এলাকা এবং ধানমণ্ডি এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ‘ও-মরফোন’ নামের ১৩ হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসব মাদক হিসেবে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

গোয়েন্দারা বলছেন, এসব মরফিন ট্যাবলেট হিসেবে ব্যবহারের জন্য ‘ও মরফোন’ নামে বাজারে থাকলেও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও চিকিৎসকের অনুমতি ছাড়া বিক্রি পুরোপুরি নিষিদ্ধ।

এগুলো ‘ভয়ংকর ড্রাগ’ উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তা আজাদ জানান, এটি ‘এনালজেসিক ড্রাগ’ হিসেবে ব্যবহৃত হয়। এটি ইনজেকশন থেকে ‘ওরাল ফর্মে’ নিয়ে আসা হয়েছে।

এটি তীব্র ব্যাথানাশক হিসেবে ক্যান্সার, হৃদরোগ, দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর তীব্র ব্যাথা কমানোর জন্য ব্যবহার করা হয়।

বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এটি মাদক বেশি ব্যবহার করে বলে গ্রেপ্তার দুই জনের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্দিষ্ট কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণ ওষুধ বিক্রি ও বাজারজাতের অনুমোদন দিয়ে থাকে। কিন্তু এসব ওষুধ বাজারে কিভাবে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আজাদ।