২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দেওয়ার আশ্বাস ইন্দোনেশিয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের কাছে ‘কড়া বার্তা’ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 11:21 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে যোগ দিতে আসা ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন।

সাক্ষাতকালে রেতনো মারসুদি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে প্রতিশ্রুতি দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার মন্ত্রী বলেন, “আমরা রোহিঙ্গা সঙ্কট সমাধানের জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছি।”

আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, “এটি (রোহিঙ্গা) বাংলাদেশের একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।”

মারসুদি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।

কোভিড-১৯ মহামারীর মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাফল্যের প্রশংসাও করেন তিনি।

ইন্দোনেশিয়ার মন্ত্রীর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়কমন্ত্রী ড. প্যান্ডোর।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নেলসন ম্যান্ডেলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম একই ছিল। উভয় নেতাই অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং উভয়েই দীর্ঘদিন জেল খেটেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত ব্লু ইকোনমির বিকাশের জন্য ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ রাখা।”

দক্ষিণ আফ্রিকার মন্ত্রী বলেন, তার দেশ ফাইজার এবং জনসন এন্ড জনসনের কোভিড-১৯ টিকা তৈরি করছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিসও এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশেষ করে অনলাইন সংযুক্ততা, ব্যবসা ও ব্যাংক কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কের ভূয়সী প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান।

প্রধানমন্ত্রী মহামারী পরবর্তী পরিস্থিতিতে দেশে যে কোনো ধরনের খাদ্য ঘাটতি এড়াতে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন।

এসব বৈঠকের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও মুখ্য সচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।