শ্যালিকার ৫ বছরের ছেলেকে ‘যৌন নির্যাতন’ ও ‘হত্যা’; গ্রেপ্তার ১
প্রতিপক্ষকে ‘মিথ্যা মামলায় ফাঁসাতে’ শ্যালিকার পাঁচ বছরের ছেলেকে ‘যৌন নির্যাতন’ এবং হত্যার অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।
গ্রেপ্তার মো. চাঁন মিয়া গুলিস্থান এলাকায় চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়া পল্টন এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।
তিনি জানান, ২০১৯ সালের ৯ নভেম্বর রাতে নিখোঁজ হয় চাঁন মিয়ার শ্যালিকা ঝর্ণা বেগমের পাঁচ বছরের ছেলে সানি। পরদিন রাত ৯টায় পল্টনে বঙ্গভবনের পাশে পুলিশ বক্সের সামনে তার বস্তাবন্দি লাশ পাওয়ার কথা জানান চাঁন মিয়া।
পরবর্তীতে চাঁন মিয়ার সহযোগিতায় ১১ নভেম্বর পল্টন মডেল থানায় ল্যাংড়া রাসেল, পিন্টু, জুয়েল, কালাম, পায়েল এবং হীরা নামে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ঝর্ণা বেগম।
চাঁন মিয়াকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন
“শত্রুতার জের ধরে ল্যাংড়া রাসেলকে মিথ্যা মামলায় ফাঁসাতে সে বেছে নেয় নিজ শ্যালিকার পাঁচ বছরের শিশু সন্তান সানিকে। পাশবিক নির্যাতন চালিয়ে সানিকে হত্যা করে মামলা দেওয়া হয় ল্যাংড়া রাসেলসহ ছয়জনের বিরুদ্ধে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া ঘটনার আগের রাতে সানিকে হত্যার পরিকল্পনা করেন বলে স্বীকার করেছেন।
“ঘটনার দিন বিকালে চাঁন মিয়া ফুটপাত থেকে ৬০ টাকা দিয়ে একটি যৌন উত্তেজক ট্যাবলেট কেনে। তারপর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে ৫০ টাকা দিয়ে পাঁচটি ঘুমের ওষুধ এবং সাড়ে ৭টায় স্টেডিয়ামের একটি দোকান থেকে ফ্রুটো জুস কিনে ঘুমের ওষুধগুলো জুসের সাথে মিশিয়ে দেয়। তারপর চাঁন মিয়া যৌন উত্তেজক ট্যাবলেটটি খেয়ে নেয়।”
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, রাত সাড়ে ১০টায় শিশু সানিকে স্টেডিয়ামের দুই ও তিন নম্বর গেইটের মাঝামাঝি ঝর্ণার পাড়ে অন্যান্য পথশিশুদের সঙ্গে খেলতে দেখে ডেকে নিয়ে ওষুধ মেশানো জুস খাইয়ে দেন চাঁন মিয়া।
“জুসটি খাওয়ার ৩০ মিনিটের মধ্যে দুর্বল হয়ে পড়লে চাঁন মিয়া সানিকে রাত ১১টায় গুলিস্থান পার্ক এলাকায় নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন করে। সে সময় হত্যার উদ্দেশ্যে ৫ মিনিট গলা টিপে ধরে রাখলে সানির মৃত্যু হয়।
“মৃত্যু নিশ্চিত করার পরও শিশু সানির মরদেহের উপর যৌন নির্যাতন চালায় চাঁন মিয়া। পরবর্তীতে নিজেই মরদেহ বস্তাবন্দি করে রাতে একটি পুলিশ বক্সের সামনে ফেলে যায় এবং সানির মাকে খবর দিয়ে মিথ্যা নাটক করে।”
