২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ পুলিশ প্রধানের

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষার ঝুঁকির বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 01:51 AM

Updated : 02 Aug 2022, 06:35 PM

তিনি বলেছেন, ইন্টারনেটে সোশাল মিডিয়া ব্যবহার করার আগে সবাইকে এর ঝুঁকি সম্পর্কে জানতে হবে।
মঙ্গলবার পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন'র প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন পুলিশ প্রধান।

তিনি বলেন, “ঝুঁকি না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আপনার ব্যক্তিগত তথ্য, স্পর্শকাতর কোনো বিষয়, স্পর্শকাতর ছবি মুহূর্তে কোটি কোটি মানুষের কাছে চলে যেতে পারে। ফলে আপনি চরম ঝুঁকির মধ্যে থাকবেন।”

সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অপরিচিত ব্যক্তিকে যুক্ত না করার পরামর্শ দেন আইজিপি।

সাইবার অপরাধের শিকার নারীদের ঘটনা লুকিয়ে না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, “যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়েই থাকেন, তাহলে আপনারা লুকিয়ে রাখবেন না, এগিয়ে আসবেন। আমরা অপরাধীদের শাস্তি হোক, এটা চাই।”

বেনজীর জানান, ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ গঠনের এক বছরে ১৭ হাজার অভিযোগ জমা পড়েছে। মাসে অন্তত দেড় হাজার অভিযোগ আসছে। এর মধ্যে ১২ হাজারের মতো অভিযোগের সমাধান হয়েছে।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পুলিশ অতিরিক্ত আইজি, ডিআইজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।