২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ভাড়া: দ্বিতীয় দিনে জরিমানা ৩৩৬টি বাসকে

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া ঠেকাতে ঢাকায ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দ্বিতীয় দিনে ৩৩৬ বাসকে জরিমানা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 12:14 AM

Updated : 02 Aug 2022, 06:34 PM

ডিজেলের দাম বাড়ানোর পর বাসও ভাড়াও বাড়ানো হয়েছিল। তবে বাসগুলো তার চেয়েও বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর বুধবার ভ্রাম্যমাণ আদালত নামায় বিআরটিএ ও পুলিশ।

প্রথম দিনে জরিমানা করা হয়েছিল ৩১৪টি বাসকে। বৃহস্পতিবার মিলিয়ে দুই দিনে ৬৫০টি বাসকে।

বিআরটিএ পরিচালক মো. সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে ১০ জন নির্বাহী হাকিম অভিযান চালিয়ে ৩৩৬টি বাস ও মিনিবাস থেকে ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বেশি ভাড়া নেওয়া এই বাসগুলোর মধ্যে ২৮৭টি ডিজেলচালিত এবং ৪৯টি সিএনজিচালিত।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম ও বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, সকালে সচিব ও চেয়ারম্যান মহাখালী ও কাকলী এলাকা পরিদর্শন করেন।

তখন সেখানে আল মক্কা, উইনার, মঞ্জিলসহ বিভিন্ন পরিবহনের বাসকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বরেল জানান পুলিশ পরিদর্শক সালাহ উদ্দিন।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোয় পরিবহন ধর্মঘটে তিন দিন বাস বন্ধ ছিল। সরকার দূরপাল্লার বাসে ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানোর পর সোমবার বাস চলাচল শুরু হয়।