ভোটের আগে সিইসি চাইলেন ‘সহনশীলতা’
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ‘সহিংসতার’ দায় কাউকে না দিয়ে দল, প্রার্থী, সমর্থক ও ভোটারদের সহনশীল আচরণ করার পরামর্শ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদের শেষ সময়ে এসে স্থানীয় সরকারের এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে অন্তত ২০ জনের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে।
এ পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকারী সংস্থাটির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে।
বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। এসময় অধিকাংশ ঘটনাই তৃণমূলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের হিসেবে ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেছেন, পাড়া-মহল্লায় পুলিশ দিয়ে, পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা থামানো যায় না। এক্ষেত্রে সহনশীল ও নির্বাচনসুলভ আচরণ দেখালেই এ সমস্যা থাকবে না।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোট হচ্ছে। ২৮ নভেম্বর রয়েছে ১০০৩ ইউপির ভোট। ২৩ ডিসেম্বর আরও ৮৪০ ইউপির ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে বুধবার।
বুধবার নির্বাচন কমিশনের সভায় আইন শৃঙ্খলার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি।
এসময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।
“সবচেয়ে বেশি জোর দেব যারা ভোটে প্রতিদ্বন্দ্বি, সমর্থক, ভোটারদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। তারা সবাই কাছাকাছি স্বজন, আত্মীয়, পাড়া মহল্লায় নিজেদের মধ্যে যাতে সংঘাত না হয় বারবার আহ্বান করি।”
তিনি জানান, ইতোমধ্যে নরসিংদীতে নির্বাচন কমিশনার কবিতা খানম, নারায়ণগঞ্জে রফিকুল ইসলাম, টাঙ্গাইলে শাহাদত হোসেন চৌধুরী নির্বাচনী এলাকা পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা ও সংশ্লিষ্ট উদ্বুদ্ধ করেছেন।
“আইন শৃঙ্খলা সদস্য অনেক বেশি নিয়োজিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২২ জন সদস্য নিয়োগ করা হয়। যেসব ঘটনা ঘটেছে সেগুলো নির্বাচনের আগের, প্রচারণার সময়, কোন মুহুর্তে কী অবস্থা বিরাজ করে, হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে অঘটন ঘটিয়ে ফেলে।”
এসবের জন্য কেউ প্রস্তুত থাকে না উল্লেখ করে তিনি বলেন, “ক্রিমিনাল অফেন্স হলে ফৌজদারি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রাখছে।”
দ্বিতীয় ধাপের ভোটের দিন পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেন সিইসি। তার আশা উৎসবমুখর ভোট হবে।
“আমাদের পরিষ্কার নির্দেশনা- যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হলে তা কঠোর হস্তে দমন করবে আইন শৃঙ্খলাবাহিনী।”
যে কারণে উত্তাপ নির্বাচনী মাঠে
স্থানীয় পর্যায়ের অনেক ঘটনা এলাকাভিত্তিক ঘটে বলে জানান সিইসি। অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “কাজী, খান, চৌধুরী, তালুকদার বংশের মধ্যে এরকম হয়; রাস্তার এপার-ওপার এরকম হয়। দলীয় কোন্দল, পূর্ব শত্রুতার জের ধরে ঘটে।
“কতগুলো ঘটনার বিশ্লেষণ করে দেখেছি, এটা প্রায় প্রত্যেকটা বলেছে যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, পুরনো শত্রুতার জের হিসেবে এ ঘটনাগুলো ঘটে।”
“দায় দায়িত্ব প্রশানকে দেওয়া বা আইন শৃঙ্খলাবাহিনীকে দেওয়া বা নির্বাচন কশিমনকে দেওয়া ঠিক হবে না। তারাই যে দায়ি এটা বলার সুযোগ নেই।...আমরা অনুরোধ করি যেন এমন পরিস্থিতি সৃষ্টি না করে। ঘটে গেলে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়।”
দায় কার
নির্বাচনী সহিংসতা রোধে কি পদক্ষেপ ও ইসি দায় এড়াতে পারে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, এখানে দায় এড়ানোর বিষয় নয়। এসব ঘটনা যখন ঘটে তখন আইন শৃঙ্খলাবাহিনীর সামনে হয় না। নরসিংদীতে রাত ৩ টায় ঘটনা হল, সেখানে গুলাগুলি করে মানুষ মেরে ফেলেছে।
“এ জাতীয় ঘটনা ঠিক এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না। বাস্তবতা হলো এটা, আপনাদের বুঝতে হবে এ দেশের নাগরিক হিসেবে। ঘরে-ঘরে, মহল্লায়-মহল্লায় পুলিশ দিয়ে, পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না।
“আমি তো বলেছি- এটার একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে তাদের সহনশীলতা এবং তাদের নির্বাচনসুলভ আচরণ করা। এটা হলো বিষয়।”
তিনি বলেন, “আইন শৃঙ্খলাবাহিনী অ্যাকটিভ, আমরাও অ্যাকটিভ। তারমধ্যে তো বলেছি কেন ঘটনাগুলো হয়। তাৎক্ষনিক উত্তেজনাকর পরিস্থিতির শিকার হিসেবে এটা ঘটে।”
‘খতিয়ে দেখে অ্যাকশন’
দৃষ্টান্তমূলক আইনের প্রয়োগের অভাব রয়েছে কিনা? জানতে চাইলে সিইসি বলেন, “ইসি অভিযোগ পেলেই আমরা একটা লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। এটা আইনের বিষয়, তদন্ত করতে হয়, সত্য মিথ্যা যাচাই করে অ্যাকশনে যাই; এটাই নিয়ম।“
তিনি জানান, হঠাৎ করে কোনো ঘটনা গণমাধ্যমে এলো, ফেইসবুকে এলে তার উপরে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। রাজনৈতিক দল, এমপি- তাদের সম্পৃক্ততার কথা আসে; অনেক জায়গায় সংসদ সদস্য তারা যখন এলাকায় যান তারা ভোটার, সেখানে প্রভাব বিস্তার করার খবর আসে।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, “ইতোমধ্যে ঘটনা তদন্ত করে নির্বাচন স্থগিত করেছি। তদন্ত রিপোর্ট আসতে থাকবে, রিপোর্টের উপর ভিত্তি করে আমরা অ্যাকশন নেব।”
গুপ্ত হত্যাও ঘটছে
নির্বাচন কমিশনার রফিকুল জানান, ‘নির্বাচনী এডভান্টেজ’ নিয়ে বেশ কিছু গুপ্ত হত্যা হয়েছে। মেহেরপুরে যেটা হয়েছে তা গুপ্ত হত্যা।
“এ গুপ্তহত্যাকে থামানোর জন্য নির্বাচন কমিশনের যে ফোর্স মোতায়েন করা হয়েছে, তাদের পক্ষে এভাবে গুপ্ত হত্যাকে থামানো বেশ কষ্টকর। তারপরও তাদের আইনের আওতায় এনে যাতে করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারেন সেজন্য পুলিশকে নির্দেশ দিয়েছি; কী করছেন তারা নিয়মিত মনিটরিং করছি।”
তিনি জানান, নির্বাচন ছাড়াও অস্ত্রের ব্যবহার দেশে হয়েছে। তফসিল যখন জারি করা হয়নি তখনও অনাকাঙ্খিত অনেক মৃত্যু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে এ ধরনের গুপ্ত হত্যার ঘটনা বেড়ে যায়।
“এটা যেন না বাড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে,” যোগ করেন তিনি।
